মহানগর মৎস্যজীবী দলের আয়োজনে ডিএনডি লেকে মৎস্য পোনা অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে মৎস্য পোনা অবমুক্ত করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ। কর্মসূচিতে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ডিএনডি লেক শুধু একটি জলাধার নয়, এটি এই এলাকার মানুষের জীবন-জীবিকা ও পরিবেশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। লেককে দখল ও দূষণমুক্ত রেখে মৎস্য সম্পদের উন্নয়ন করতে হবে। দেশীয় মাছের উৎপাদন বাড়াতে নিয়মিতভাবে মৎস্য পোনা অবমুক্ত করা এবং জলাশয় সংরক্ষণে কার্যকর উদ্যোগ প্রয়োজন। তিনি বলেন, জনগণের কল্যাণে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সবসময় মানুষের পাশে রয়েছে।
পরিবেশ রক্ষা, মৎস্য সম্পদ সংরক্ষণ ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি আরও বিস্তৃত করা হবে। তিনি ডিএনডি লেকের পরিবেশ রক্ষা এবং অবৈধ দখল ও দূষণ প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক গাজী মনির হোসেন, মহানগর যুবদল সদস্য জুয়েল রানা প্রমুখ। আয়োজকরা জানান, ডিএনডি লেকে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্য সম্পদ সংরক্ষণ এবং জলজ পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যেই এ কর্মসূচি আয়োজন করা হয়েছে। মহানগর মৎস্যজীবী দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম রতন ও সদস্য সচিব মেহেদী হাসান সানি এ কর্মসূচির আয়োজন করেন।
