‘জ্বালানি সংকটে গাড়ি বহর নিয়ে লংমার্চ গণবিরোধী’

‘জ্বালানি সংকটে গাড়ি বহর নিয়ে লংমার্চ গণবিরোধী’

ফন্ট সাইজ:

জ্বালানি সংকটে গ্যাস-তেল ব্যবহার করে গাড়ি বহর নিয়ে বিরোধী দলের লংমার্চ কর্মসূচি অবিবেচনাপ্রসূত ও গণবিরোধী উল্লেখ করে বিএনপি’র যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জনগণের স্বার্থের কথা বিবেচনা করে বিরোধী দলের তা প্রত্যাহার করা উচিত। বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে গতকাল বিকালে তিনি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা প্রদানকালে বিরোধী দলের প্রতি এই আহ্বান জানান। সভায় প্রিন্স বলেন, চলমান জ্বালানি সংকটের জন্য ছয় মাস বয়সী বিএনপি সরকার কোনোভাবেই দায়ী নয়। বৈশ্বিক সংকট ও মহেশখালীর এলএনজি টার্মিনালে দুর্ঘটনা এবং এই সেক্টরে আওয়ামী লীগ সরকারের লুটপাট ও ভ্রান্ত নীতিতে গ্যাসের স্বল্পতা ও জ্বালানি সংকটের ফলে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে।

তিনি বলেন, বিদ্যুৎ, তেল, গ্যাসের বর্তমান সংকটে পরিবহন, বিদ্যুৎ, গৃহস্থালীসহ ও দৈনন্দিন সবকিছু যখন ব্যাহত হচ্ছে, তখন সহস্রাধিক গাড়ি নিয়ে (জামায়াতের সেক্রেটারি জেনারেল এর ভাষ্যমতে) লাখ লাখ লিটার, ঘনমিটার জ্বালানি খরচ করে লংমার্চ সংকট ও জনদুর্ভোগ আরও বৃদ্ধি করবে। বিদ্যুৎ-গ্যাস সংকট নিরসনের দাবি করে সংকট আরও ঘনীভূত করার কর্মসূচি নিশ্চয়ই গণবিরোধী ও হঠকারী এবং গণ আকাঙ্ক্ষার পরিপন্থি। তিনি বলেন, সারের পর্যাপ্ত মজুত আছে, সার নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সারের মূল্য বৃদ্ধি ও কৃত্রিম সংকট সৃষ্টি করে কেউ যাতে ষড়যন্ত্র করতে না পারে সেদিকে প্রশাসন ও বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। তিনি বলেন, বিএনপি জনগণের দল, জনগণই বিএনপি’র মূল শক্তি। জনগণের সুখে-দুঃখে বিএনপি তাদের পাশে থাকে। ৪৮ বছরে বিএনপি জনগণকে ছেড়ে যায় নাই, ভবিষ্যতেও জনগণের সঙ্গে থাকবে। তিনি বলেন, বাংলাদেশ ও বিএনপি এক ও অবিচ্ছেদ্য— এই কথাটি শুধু একটি রাজনৈতিক সেøাগান নয়, এটি দেশের গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জাতীয়তাবাদী চেতনার সঙ্গে বিএনপি’র দীর্ঘ পথচলার প্রতিফলন। বাংলাদেশের স্বার্থ যেখানে, বিএনপি’র রাজনীতি সেখানেই। দেশের জনগণের অধিকার, মর্যাদা ও কল্যাণ রক্ষার প্রশ্নে বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। হালুয়াঘাট পৌর শহরের উত্তর বাজার ধান মহালে উপজেলা বিএনপি’র আহ্বায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীরের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, হালুয়াঘাট পৌর বিএনপি’র আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, আব্দুল হাই, আলী আশরাফ, কাজী ফরিদ আহমেদ পলাশ, মিজানুর রহমান, সফিকুর রহমান, মোনায়েম হোসেন খান, পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সুলতান মহিউদ্দিনসহ প্রমুখ।