সীতাকুণ্ডে ‘সন্ত্রাস-নৈরাজ্যের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন

ফন্ট সাইজ:

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি’র একাংশ। গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র‌্যালি শেষে সীতাকুণ্ড প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিন অভিযোগ করেন, বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা সীতাকুণ্ডে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘোষণা করেন। প্রশাসনের অনুমতি নিয়ে মুন স্টার কমিউনিটি সেন্টারে অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতিও চলছিল।

তবে গত মঙ্গলবার সকালে বিএনপি’র সাবেক যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরীর অনুসারীরা এলকে সিদ্দিকী স্কয়ারে কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে তাদের নির্ধারিত স্থান দখল করে নেন বলে অভিযোগ করেন তিনি। কাজী সালাউদ্দিনের দাবি, পরে আগ্নেয়াস্ত্রসহ কিছু লোক মিছিল নিয়ে তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে কয়েকজন আহত হন। এ সময় ব্যানার- ফেস্টুন ভাঙচুর ও ছিঁড়ে ফেলা এবং ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে বলে তিনি অভিযোগ করেন। এ সময় পৌর বিএনপি নেতা মো. আলীকে নিয়ে করা একটি অভিযোগেরও প্রতিবাদ জানান কাজী সালাউদ্দিন। তিনি দাবি করেন, একটি দোকান থেকে ২০ হাজার টাকার মালামাল নিয়ে মাত্র ২ হাজার টাকা পরিশোধের অভিযোগটি মিথ্যা। অভিযোগের প্রমাণ দিতে পারলে তিনি ৫ লাখ টাকা দেয়ার ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে সীতাকুণ্ড উপজেলা বিএনপি’র সদস্য সচিব কাজী মো. মহিউদ্দিন, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন দুলাল, কুমিরা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. মনির, সাবেক সভাপতি সামসুদ্দৌহা, ৪ নম্বর মুরাদপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. আকবর হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি এমএ মিল্টন, মো. সরোয়ার কামাল, মো. গোলাম সরোয়ার, নুরুন্নবী সালাম, মো. ইউসুফ আজাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।