নরসিংদীতে প্রকৌশলীদের বিরুদ্ধে মানববন্ধন

ফন্ট সাইজ:

নরসিংদী সদর উপজেলার পাইকারদী বাজারে ভ্রাম্যমাণ আদালতকে ব্যবহার করে ব্যবসায়ীদের প্রতিষ্ঠান ভেঙে ক্ষতিগ্রস্ত করার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল বেলা ১২টা থেকে ঘণ্টাব্যাপী নরসিংদীর পাঁচদোনা-ডাংগা সড়কের পাইকারদী বাজারে এ মানববন্ধন করে এলাকাবাসী। মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করেন, ফ্যাসিস্ট সরকারের সদস্যের একটি চক্র জেল থেকে বেরিয়ে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে সড়ক বিভাগের কর্মকর্তাদের ব্যবহার করে ১২ই আগস্ট বাজারের বেশ কিছু দোকানপাট ভেঙে দেয়া হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা লাখ লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন তারা। তাই বিষয়টি সঠিক তদন্তপূর্বক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। মানববন্ধনে স্থানীয়দের শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।

ব্যবসায়ীদের অভিযোগ, সড়ক ও জনপদ বিভাগের সার্ভেয়ার মাসুদ পারভেজসহ কিছু কর্মকর্তাগণ বাজারের আওয়ামী ফ্যাসিস্ট সদস্যদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তাদের বহুতল ভবন তৈরির মৌখিক অনুমোদন দিয়েছেন।

এরই ধারাবাহিকতায় সাধারণ ব্যবসায়ীদের কাছেও মাসোহারা দাবি করেন এই চক্রটি। এতে রাজি না হওয়ায় এই সকল ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে দেয়া হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। এ ব্যাপারে নরসিংদী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রেজা-ই-রাব্বী বলেন, সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে। পাঁচদোনা থেকে ডাঙ্গা পর্যন্ত সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। ইতিমধ্যে চিঠি দিয়ে অবৈধ স্থাপনা সরিয়ে ফেলার জন্য জানানো হয়েছে।