ধর্ষণচেষ্টার অভিযোগে শফিকুলের ১০ বছরের কারাদণ্ড

ফন্ট সাইজ:

খুলনা নগরীর দৌলতপুর এলাকায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে মো. শফিকুল হাওলাদার (২৩) নামে একজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। দণ্ডপ্রাপ্ত আসামি দৌলতপুর থানার রেলিগেট এলাকার হেলালের বাগান এলাকার জালাল হাওলাদারের ছেলে। রায় ঘোষণার সময় আাসমি আদালতে উপস্থিত ছিল। বৃহস্পতিবার বিকালে খুলনার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল, খুলনা মহানগর, খুলনার বিচারক মুহাম্মদ আকরাম হোসেন এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী ইকবাল মাহমুদ।

আদালত সূত্র জানায়, গত ২০২২ সালের ১৬ই অক্টোবর সকাল ৮টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে একা পেয়ে ওই শিশুকে ধর্ষণ করার চেষ্টা করে আসামি শফিকুল। পরে শিশুটির ডাক-চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসে এবং শফিকুলকে আটক করে। পরে স্থানীয়রা তাকে থানায় সোপর্দ করে। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে দৌলতপুর থানায় ঘটনার দিন মামলা দায়ের করেন। একই বছরের ২৯শে অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান আসামি শফিকুলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।