সাভারে তরুণীকে ধর্ষণের সহযোগিতার অভিযোগে গৃহবধূ গ্রেপ্তার

ফন্ট সাইজ:

সাভারে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় শীলা বেগম (১৯) নামে এক গৃহবধূকে ধর্ষণের সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার ভাকুর্তা ভাঙা ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও মামলার তদন্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, গত মঙ্গলবার সকালে বাসচালক নয়ন মণ্ডল (৪৮) এর বিরুদ্ধে ধর্ষণ এবং শীলা বেগমের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার অভিযোগে সাভার মডেল থানায় মামলা করেন ২৫ বছর বয়সী ভুক্তভোগী তরুণী। মামলার পর ওই দিন রাতেই গাবতলী বাস টার্মিনাল এলাকা থেকে নয়নকে গ্রেপ্তার করা হয়। বুধবার গ্রেপ্তার হন শীলা। দু’জনকে আদালতে পাঠানো হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, সম্প্রতি কাজের সন্ধানে ফরিদপুর থেকে সাভারে আসেন ওই তরুণী। পরে আমিনবাজার এলাকায় শীলা বেগম ও তার স্বামী ইমরানের সঙ্গে ওই মেয়ের পরিচয় হয়। একপর্যায়ে ইমরান ও শীলা ভুক্তভোগীকে তাদের বাসায় থাকার প্রস্তাব দিলে তিনিও রাজি হন। গত ৩০শে আগস্ট শীলার স্বামী ইমরান রাতে বাসায় না থাকায় শীলা বেগমের সহযোগিতায় বাসচালক নয়ন মণ্ডল ওই মেয়েকে ধর্ষণ করে।