সিলেটে যুব জমিয়তে ব্যবসায়ী ও শ্রমজীবীদের যোগদান

ফন্ট সাইজ:

সিলেট নগরীতে একঝাঁক ব্যবসায়ী ও শ্রমজীবী যুবক আনুষ্ঠানিকভাবে যুব জমিয়ত বাংলাদেশে যোগদান করেছেন। যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ডের উদ্যোগে বুধবার রাতে শিবগঞ্জস্থ একটি অভিজাত হোটেলে এই যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহ্বায়ক মাওলানা নাজিউল্লাহ মাশকুরের সভাপতিত্বে ও সদস্য সচিব হাফিজ মাওলানা আব্দুল কাদিরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— সিলেট মহানগর যুব জমিয়তের সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আসআদ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর যুব জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদার।

অনুষ্ঠানে নবীনদের স্বাগত জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আসআদ উদ্দিন বলেন, ব্যবসায়ী ও শ্রমজীবী যুবকদের সততা এবং নৈতিকতাই সমাজ পরিবর্তনের আসল হাতিয়ার। আজ সিলেট নগরীর একঝাঁক সচেতন যুবকের যুব জমিয়তে যোগদান প্রমাণ করে যে, তারা দেশ ও ইসলামের কল্যাণে সঠিক নেতৃত্ব বেছে নিতে প্রস্তুত। যুব জমিয়ত কোনো ব্যক্তিস্বার্থের সংগঠন নয়, এটি সমাজ থেকে অন্যায়, অবিচার দূর করে একটি ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের প্ল্যাটফর্ম। নবীনদের এই আগমন আগামী দিনে সিলেটের ইসলামী আন্দোলনকে আরও বেগবান ও শক্তিশালী করবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন— শাহ্পরাণ থানা যুব জমিয়তের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ দিলদার হোসাইন, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাফিজ আব্দুল বাসিত প্রমুখ।