ফেনীতে অপহরণ ও চাঁদাবাজির মামলায় বহিষ্কৃত ছাত্রদলনেতা কারাগারে

ফন্ট সাইজ:

অপহরণ ও চাঁদাবাজির একটি মামলায় ফেনী জেলা ছাত্রদলের বহিষ্কৃত সহ-সভাপতি জামশেদুর রহমান ফটিককে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার তিনি ফেনী যুগ্ম জেলা ও দায়রা জজ মো. জাহিদ হোসাইনের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। ফেনীর কোর্ট পুলিশের পরিদর্শক এসএম আতিক উল্লাহ বলেন, জামশেদুর রহমান ফটিকের বিরুদ্ধে ফেনী মডেল থানায় একটি অপহরণ ও চাঁদাবাজি মামলা ছিল। তিনি ওই মামলার একমাত্র আসামি। জামিনে গিয়ে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে আদালত ওয়ারেন্ট ইস্যু করে। দাগনভূঞা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল আজিম নোমান জানান, ফটিকের বিরুদ্ধে অপহরণ ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ১১টি মামলা চলমান। এর আগে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০২৫ সালের মার্চ মাসে কাজী জামশেদুর রহমান ফটিককে জাতীয়তাবাদী ছাত্রদল সহ-সভাপতি পদ থেকে বহিষ্কার করে।