কুমিল্লার তিতাসের একলারামপুর গ্রামে বসতবাড়ির সীমানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ইউসুফ আলী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, জমি ও বসতবাড়ির সীমানা নিয়ে একলারামপুর গ্রামের দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
নিহত ইউসুফ আলীর ছেলে আব্দুল আজিজের অভিযোগ, হারুন ও তার স্বজনরা লাঠিসোটা, ইটসহ দেশীয় অস্ত্র নিয়ে তার বাবার ওপর হামলা চালায়। এতে ইউসুফ আলী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
