মহেশখালী উপকূলে ট্রলার ডুবে ২ জেলের মৃত্যু, নিখোঁজ ২

ফন্ট সাইজ:

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। তবে একই ফিশিং বোটে চারজন জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে কক্সবাজার শহরের নাজিরারটেক সংলগ্ন উপকূলের কাছে মহেশখালীর সোনাদিয়া চ্যানেলের পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই জেলে মহেশখালীর খোন্দকারপাড়ার ফয়েজ আহমেদ ও একই ইউনিয়নের মেহেরিয়া পাড়ার সাইফুল ইসলাম। এখনো নিখোঁজ রয়েছেন একই ইউনিয়নের নুরুল আলম ও মুহিব উল্লাহ। স্থানীয় জেলেরা জানিয়েছেন, মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের খোন্দকারপাড়া এলাকার বাসিন্দা ফরিদুল আলমের মালিকানাধীন এফবি তাহসিন নামের মাছধরার ট্রলারটিতে কয়েকজন জেলে মঙ্গলবার রাতে সাগরে মাছ ধরতে যান।

বৃহস্পতিবার ভোররাতে নাজিরারটেক উপকূলের কাছে সোনাদিয়া চ্যানেলের পশ্চিমে পৌঁছালে আকস্মিক ঝড়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে যায়। দুর্ঘটনার পর আশপাশে থাকা জেলেরা ডুবে যাওয়া ট্রলারের জেলেদের উদ্ধারে তৎপরতা শুরু করেন। একপর্যায়ে ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। তবে নুরুল আলম ও মুহিব উল্লাহ নামে দুই জেলের সন্ধান মেলেনি। তাদের উদ্ধারে স্থানীয় জেলেরা সাগরে তৎপরতা চালিয়ে যাচ্ছেন। মহেশখালী থানার ওসি মো. আব্দুস সুলতান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত আনুমানিক ৩টার দিকে সোনাদিয়া চ্যানেলের পশ্চিমে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। কয়েকজন জেলে নিরাপদে উঠতে পারলেও চারজন নিখোঁজ ছিলেন। পরে দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো দু’জন নিখোঁজ রয়েছেন। তবে তাদের উদ্ধারে খোঁজাখুঁজি চলছে বলে জানিয়েছেন তিনি।