খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় ফেনীতে যুবলীগ নেতা কারাগারে

ফন্ট সাইজ:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় ফেনীর ছাগলনাইয়া পৌর যুবলীগের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর কাজী নূর আলমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে ফেনীর ছাগলনাইয়া আমলী আদালতের বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গত বুধবার রাতে ছাগলনাইয়া পৌর এলাকার হিছাছড়া রাস্তার মাথা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নূর আলম ছাগলনাইয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের (হিছাছড়া) আমির হোসেনের ছেলে। পুলিশের দাবি, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি নুর আলম। এছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে মহিপালে সংঘটিত ঘটনায় ফেনী মডেল থানায় দায়ের করা একটি হত্যা ও একটি বিস্ফোরক মামলায়ও তিনি এজাহারনামীয় আসামি। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা হয়েছিল ২০১৭ সালের ২৮শে অক্টোবর। ঢাকা থেকে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছাগলনাইয়া ও কুতুবপুর এলাকায় এই হামলা চালানো হয়। এ ঘটনায় ছাগলনাইয়া উপজেলা বিএনপি’র সাবেক অর্থ সম্পাদক সুলতান মোহাম্মদ সিকান্দার ভুট্টো বাদী হয়ে ২০২৪ সালের ১১ই অক্টোবর ২৫১ জনকে আসামি করে ছাগলনাইয়া থানায় মামলা করেন।