ময়মনসিংহের নান্দাইলে মিশুক, অটোরিকশা ও সিএনজি শ্রমিক ইউনিয়নের জেলা কমিটির বিরুদ্ধে আর্থিক লেনদেনের মাধ্যমে ‘পকেট কমিটি’ অনুমোদনের অভিযোগ উঠেছে। এতে স্থানীয় সাধারণ শ্রমিকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত বুধবার উপজেলার সাধারণ চালক ও শ্রমিকদের উদ্যোগে বারুইগ্রাম চৌরাস্তা এলাকায় এক বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভকালে শ্রমিকরা অভিযোগ করে বলেন, কোনো প্রকার আলোচনা বা সমন্বয় ছাড়াই ময়মনসিংহ জেলা কমিটি গত ৩০শে আগস্ট পুরনো কমিটি বিলুপ্ত ঘোষণা করে। এর পরদিনই, অর্থাৎ ১লা সেপ্টেম্বর একটি ‘পকেট কমিটি’ অনুমোদন দেয়া হয়। চালকদের ওপর এই পকেট কমিটি চাপিয়ে দিয়ে শ্রমিকদের মাঝে বিভেদ ও সংঘর্ষ সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে বলে তারা দাবি জানান। সদ্য বিদায়ী সভাপতি নয়ন মিয়া ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান জানান, জেলা সদরে বসে চাপিয়ে দেয়া কোনো পকেট কমিটি নান্দাইলের শ্রমিকরা মেনে নেবে না। শ্রমিকদের দাবির প্রতি সংহতি প্রকাশ করে স্থানীয় যুবদল নেতা শাকিল আহম্মেদ বলেন, জেলা কমিটিকে কোনো ধরনের নোংরা বাণিজ্য করতে দেয়া হবে না। স্থানীয় শ্রমিকরা নিজেরাই ভোটের মাধ্যমে তাদের নেতৃত্ব নির্বাচন করবেন। তবে অভিযোগের বিষয়ে বক্তব্য নেয়ার জন্য ময়মনসিংহ জেলা কমিটির সাধারণ সম্পাদক দেবব্রত দাস দুকুলের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।
নান্দাইলে শ্রমিক দলের কমিটি নিয়ে বাণিজ্যের অভিযোগ
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
৪ সেপ্টেম্বর (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
