জয়পুরহাটের ক্ষেতলালে জমি সংক্রান্ত বিরোধের জেরে মনোয়ার হোসেন নামে এক ইউপি সদস্যকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে একই গ্রামের শরিফুল ইসলাম সুমনের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে পৌর এলাকার বটতলী বাজারে এ ঘটনা ঘটে। আহত মনোয়ার হোসেন উপজেলার তুলশীগঙ্গা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য এবং তালশন গ্রামের আশরাফ আলীর ছেলে। বর্তমানে তিনি ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে তালশন গ্রামের মোড়ে মনোয়ারের বাবা আশরাফ আলীর সঙ্গে শরিফুল ইসলাম সুমনের বাবা সামাদ সরদারের জমি সংক্রান্ত একটি মামলা নিয়ে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন।
এর কিছুক্ষণ পর বটতলী বাজারে মনোয়ারকে একা পেয়ে সুমন মারধর ও ছুরিকাঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে। আহত ইউপি সদস্য মনোয়ার হোসেন বলেন, জয়পুরহাট থেকে বেগুন বিক্রি করে ক্ষেতলালের দিকে ফেরার সময় বটতলী বাজারে তার পথরোধ করে অতর্কিত ছুরি দিয়ে হামলা চালানো হয়। এতে তার ডান কাঁধ, গলা ও হাতে জখম হয়েছে। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসক কাঁধের ক্ষতস্থানে কয়েকটি সেলাই দিয়েছেন। মনোয়ার অভিযোগ করেন, পূর্বপরিকল্পিতভাবে তার ওপর এ হামলা চালানো হয়েছে। এর আগেও তাকে দুটি মামলায় আসামি করা হয়েছিল এবং তিনি বর্তমানে ওই মামলাগুলোতে জামিনে রয়েছেন। এ ঘটনায় তিনি প্রশাসনের কাছে বিচার দাবি করেছেন। তবে অভিযোগের বিষয়ে জানতে শরিফুল ইসলাম সুমনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তুলশীগঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শহীদ খান এ ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন, ইউপি সদস্যকে ছুরিকাঘাতের খবর পাওয়া গেছে। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
