চট্টগ্রামে এক কৃষক দল নেতাকে ‘ভাড়াটিয়া’ আখ্যা দিয়ে অপমান ও তুচ্ছ-তাচ্ছিল্য করার অভিযোগে দুই যুবদল নেতা এরশাদ হোসেন ও ডন বাবুলের বিরুদ্ধে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা। বুধবার রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার মোহাম্মদ নগর এলাকায় একটি ভাড়া ঘরকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের সময় স্থানীয় কাউন্সিলর মোবারক আলীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মোবারক হোসেনের ভাড়া দেয়া ঘরটির দখল নেয়ার চেষ্টা করা হয়। এ সময় স্থানীয় বাসিন্দারা বাধা দিলে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বিষয়টি মীমাংসার জন্য থানায় উভয়পক্ষকে নিয়ে বৈঠক করা হয়।
বৈঠকে মহানগর কৃষক দলের এক নেতাকে উদ্দেশ্য করে যুবদল নেতা এরশাদ হোসেন ‘ভাড়াটিয়া’ শব্দ ব্যবহার করে তাকে অপমান ও তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টির প্রতিবাদ করে এরশাদ হোসেনকে কক্ষ থেকে বের করে দেন বলে জানা গেছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে ওই কৃষক দল নেতা বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে যারা পাশে ছিলেন না, তারাই এখন নানা ধরনের মন্তব্য করছেন। একসময় নিজের বাড়ি বিক্রি করে দেয়ায় বর্তমানে ভাড়া বাসায় থাকছেন জানিয়ে তিনি বলেন, ভাড়াটিয়া হওয়াকে কেন্দ্র করে তাকে অপমান করা হয়েছে। এদিকে এ ঘটনার প্রতিবাদে মোহাম্মদ নগর এলাকার বাসিন্দারা মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, ভাড়াটিয়ারাও এ নগরের বাসিন্দা ও ভোটার। বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার মধ্যে বৈষম্য সৃষ্টি কিংবা কাউকে সামাজিকভাবে হেয় করার অধিকার কারও নেই। তাদের অভিযোগ, এলাকার কিছু ব্যক্তি রাজনৈতিক পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তার, চাঁদাবাজি এবং ভাড়াটিয়াদের হয়রানি করছেন। পাশাপাশি আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে থাকা ভাড়া ঘর, দোকান ও গ্যারেজ দখল করে নেয়ারও অভিযোগ তোলেন তারা।
