চাচার জমি দখলে মরিয়া ভাতিজারা

সংবাদ সম্মেলনে অভিযোগ

চাচার জমি দখলে মরিয়া ভাতিজারা

ফন্ট সাইজ:

মৌলভীবাজারের কুলাউড়ার টিলাগাঁও ইউনিয়নের আশ্রয়গ্রামে মৌরুসী ও খরিদসূত্রে ১ একরের অধিক জমি দখলের পাঁয়তারার অভিযোগ উঠেছে। গত বুধবার সংবাদ সম্মেলনে ভাতিজাদের বিরুদ্ধে এমন অভিযোগ করেন মৃত সোনা মিয়ার ছেলে আব্দুল মতলিব। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন মতলিবের ছেলে হাবিবুর রহমান। জানা যায়, আশ্রয়গ্রাম মৌজায় দলিলমূলে মৌরুসী ও খরিদসূত্রে ভূমির মালিক আব্দুল মতলিব। প্রায় ৩০ বছর ধরে এই জায়গা ভোগ দখল করে আসছেন তিনি। কয়েক বছর থেকে জায়গা দখলে নেয়ার পাঁয়তারা করছেন তার ভাতিজা মৃত আব্দুল জব্বারের ছেলে সাইফুল ইসলাম, আল আমিন, বাবর আহমদ ও রুহুল আমিন।

সর্বশেষ গত ৩০শে আগস্ট উল্লেখিত জায়গায় পাকা ধান কাটার সময় সাইফুলের নেতৃত্বে আব্দুল মতলিবের পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। হামলায় মতলিবের মেয়ে ও ছেলে আহত হন। গুরুতর আহত আমেনা আক্তার মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন। গত ২৮শে এপ্রিল আমেনা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ৫ নম্বর আমলি আদালত মৌলভীবাজারে একটি অভিযোগ দায়ের করেন। এতে মৃত আব্দুল জব্বারের চার ছেলেকে অভিযুক্ত করা হয়েছে। এদিকে, আইনি সহায়তা এবং জীবনের নিরাপত্তা চেয়ে গত ১৮ই মে কুলাউড়া থানায় আব্দুল মতলিবের স্ত্রী রজিবুন বেগম একটি জিডি করেন।

সংবাদ সম্মেলনে আব্দুল মতলিব জানান, স্থানীয়ভাবে সালিশ বৈঠকে আমি মৌরুসী ও খরিদসূত্রের দলিলপত্র বিচারকদের সামনে তুলে ধরলে অভিযুক্তরা তাদের কোনো দলিলপত্র দেখাতে পারেননি। ফলে সালিশ বিচারকরা উল্লেখিত জায়গায় বাধা না দিতে অভিযুক্তদের বারণ করলেও সেই রায় তারা মানছে না। আমি প্রশাসনের কাছে সহযোগিতা চাই। এ ব্যাপারে টিলাগাঁও ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল বাছিত বলেন, বিষয়টি আমিও শুনেছি। তবে আব্দুল জব্বারের ছেলেদের দাবি বিদেশ সংক্রান্ত ২ লাখ ৭০ হাজার টাকা তারা আব্দুল মতলিবের কাছে পান। সে বিষয়টিও সমাধানের উদ্যোগ নিলে মতলিবের ছেলেরা সাড়া দেয়নি।