কাবাডিতে হার মেনে নিতে না পেরে ছুরিকাঘাত, আহত স্কুলছাত্র

কাবাডিতে হার মেনে নিতে না পেরে ছুরিকাঘাত, আহত স্কুলছাত্র

ফন্ট সাইজ:

কুষ্টিয়ায় কাবাডি খেলায় পরাজয় মেনে নিতে না পেরে প্রতিপক্ষ দলের এক শিক্ষার্থীর ছুরিকাঘাতে রক্তিম (১৬) নামে এক স্কুলছাত্র আহত হয়েছে। গুরুতর অবস্থায় তাকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া শহরের শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ৩৬তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় এ ঘটনা ঘটে। আহত রক্তিম কুষ্টিয়া সদর উপজেলার দহকুলা এলাকার মুন্সি সালামের ছেলে। সে দহকুলা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্টেডিয়ামে দহকুলা মাধ্যমিক বিদ্যালয় ও জেলা কালেক্টরেট স্কুলের মধ্যে কাবাডি খেলা অনুষ্ঠিত হচ্ছিল। খেলায় দহকুলা মাধ্যমিক বিদ্যালয় ৪৪-২৮ পয়েন্টে জয়লাভ করে। পরাজয়ের পর জেলা কালেক্টরেট স্কুলের কয়েকজন শিক্ষার্থী ক্ষুব্ধ হয়ে ওঠে বলে অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, খেলা শেষ হওয়ার পর প্রতিপক্ষ দলের এক শিক্ষার্থী রক্তিমের পিঠে ছুরি দিয়ে আঘাত করে। এ সময় হামলায় রক্তিমসহ মাছুম নামে আরও একজন আহত হয়।

পরে শিক্ষক ও সহপাঠীরা আহত রক্তিমকে উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, আহত শিক্ষার্থীর সঙ্গে কথা বলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকে পুলিশ অভিযান চালাচ্ছে। ঘটনার খবর পেয়ে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হারুন অর রশিদ হাসপাতালে গিয়ে আহত শিক্ষার্থীর খোঁজখবর নেন। তিনি বলেন, ঘটনাটি সুষ্ঠুভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।