ময়মনসিংহের ভালুকায় পারিবারিক কলহ ও পরকীয়া সন্দেহে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নিজের গলা কেটেছেন এক বৃদ্ধ। গত বুধবার দুপুরে উপজেলার কুল্লাবর গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা টের পেয়ে গুরুতর আহত অবস্থায় দু’জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) সুজাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভালুকার কুল্লাবর গ্রাম থেকে স্বামী ও স্ত্রীকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়। বর্তমানে দু’জন হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কুল্লাবর গ্রামের মৃত আইনুল্লাহর ছেলে জসিম উদ্দিনের (৬৫) সঙ্গে তার স্ত্রী পারুল বেগমের (৫০) পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলছিল। জসিমের সন্দেহ ছিল, তার আপন বড় ভাইয়ের ছেলে শাহজাহানের (৪৫) সঙ্গে তার স্ত্রীর অনৈতিক সম্পর্ক রয়েছে। এসব নিয়ে তাদের মাঝে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এরই ধারাবাহিকতায় গত বুধবার দুপুরে কথা কাটাকাটির একপর্যায়ে জসিম ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর গলায় আঘাত করে মারাত্মকভাবে জখম করেন। পরবর্তীতে তিনিও ধারালো অস্ত্র দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে স্থানীয়রা দু’জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ভালুকা মডেল থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেনি।
