নাটোরে হোমিও ডাক্তারকে কুপিয়ে হত্যা

ফন্ট সাইজ:

নাটোরে ডা. আনোয়ারুল ইসলাম নামে এক হোমিও ডাক্তারকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা। গত বুধবার সন্ধ্যার দিকে সদরের চাঁদপুর বাজারে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ারুল রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোপাপাড়ার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যার দিকে বৃষ্টির মধ্যে অজ্ঞাত সন্ত্রাসীরা নাটোর-রাজশাহী মহাসড়কের চাঁদপুর বাজারের পাশে ডা. আনোয়ারুলের হোমিও চেম্বারে ঢুকে তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা তাকে দ্রুত নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মঈনুল হক জানান, অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। নাটোর সদর থানার ওসি মুনসুর রহমান হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, কে বা কারা তাকে হত্যা করেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তদন্ত চলছে।