নামজারি সংক্রান্ত প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের তল্লাশি

নামজারি সংক্রান্ত প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের তল্লাশি

ফন্ট সাইজ:

নামজারি এবং ৭২ ঘণ্টার মধ্যে সেটি বাতিল সংক্রান্ত প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে তল্লাশি করেছেন রৌমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পুলিশ এবং আনসার নিয়ে তল্লাশি করেন তিনি। ভুক্তভোগী সাংবাদিক রফিকুল ইসলাম সাজু উপজেলার সবুজপাড়া গ্রামের বাসিন্দা ও দৈনিক মানবজমিনের রৌমারী উপজেলা প্রতিনিধি। সাংবাদিক সাজু অভিযোগ করে জানান, দাঁতভাঙ্গা ইউনিয়নের আমবাড়ি গ্রামের একটি জমির নামজারি করেন গত ২৭শে আগস্ট। পরে ৩০শে আগস্ট সেই নামজারি কোনো প্রকার নোটিশ এবং শুনানি ছাড়াই বাতিল করেন। সেটি তিনি করতে পারেন কি না— গত বুধবার সন্ধ্যায় মোবাইল ফোনে এ প্রশ্ন করায় ক্ষেপে যান এসিল্যান্ড। তারই সূত্র ধরে আমার বাড়িতে মাদক মজুতের ধুয়া তুলে তল্লাশি চালায়। জানা গেছে, বিতর্কিত ওই এসিল্যান্ড এর আগেও ঘুষ না দেয়ায় ভুল রায় দিয়েছিলেন।

এ ছাড়া, ঘুষ বাণিজ্যের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমনকি তার অফিসে ঘুষ বাণিজ্য ও দালাল সংক্রান্ত প্রশ্ন করলে কয়েকজন সাংবাদিককে তার অফিস থেকে বের করে দেয়ার অভিযোগও রয়েছে। এর আগে ওই এসিল্যান্ড তেল পাম্পে স্যালো মেশিন এনে তেল নিতে হবে— এমন কথা বলায় কৃষকরা তার বিরুদ্ধে ফুঁসে ওঠে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। তার বিরুদ্ধে অবৈধ ড্রেজার চালাতে টাকা না দিলে আনসারদের সহায়তায় তিনি তা ভেঙে জব্দ করার অভিযোগও রয়েছে। রৌমারী থানার ওসি কাওসার আলী বলেন, এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। এসিল্যান্ড পুলিশ চেয়েছিল আমি দিয়েছি। সাংবাদিকের বাড়িতে তল্লাশির বিষয়ে মোবাইলে জানতে চাইলে রৌমারী সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান বলেন, মাদকের ইনফরমেশন পেয়ে ওই ব্যক্তির বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। কিন্তু কিছু পাওয়া যায়নি। তবে তিনি সাংবাদিক কি না— আমি জানি না।