দেশের উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণ-তরুণীদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে ‘উদ্যোগ’ কর্মসূচি চালু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এই কর্মসূচির মাধ্যমে নির্বাচিত তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেওয়া হবে। বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ (ইউডিওজি): উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, নির্বাচিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’র আওতায় দেশের বিভিন্ন উপজেলার সম্ভাবনাময় তরুণদের ব্যবসায়িক ধারণা যাচাই করে তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে সহায়তা করা হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ‘উদ্যোগ’ কোনো প্রতিযোগিতামূলক কর্মসূচি নয়। তফসিলি ব্যাংকগুলো তাদের বিদ্যমান শাখা নেটওয়ার্ক কাজে লাগিয়ে উপজেলা পর্যায় থেকে স্বতঃপ্রণোদিতভাবে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা চিহ্নিত করবে। এরপর তাদের ব্যবসায়িক পরিকল্পনা ও প্রকৃত অর্থের প্রয়োজন যাচাই করে অর্থায়নের ব্যবস্থা করা হবে।
কর্মসূচির আওতায় নির্বাচিত প্রত্যেক উদ্যোক্তা তার প্রকৃত প্রয়োজন বিবেচনায় সর্বোচ্চ ২০ লাখ টাকার অর্থায়ন প্যাকেজ পাবেন। এর ৫০ শতাংশ ব্যাংক ঋণ এবং বাকি ৫০ শতাংশ অনুদান হিসেবে দেওয়া হবে।
গ্রাহক পর্যায়ে সুদ বা মুনাফার হার সর্বোচ্চ ৪ থেকে ৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ঋণ গ্রহণের জন্য কোনো সহায়ক জামানত দিতে হবে না। তবে নির্ধারিত সময়ে ঋণের অর্থ পরিশোধে ব্যর্থ হলে অনুদানের অংশ সুদবিহীন ঋণে পরিণত হবে।
এ ক্ষেত্রে ঋণ হিসাব প্রচলিত নিয়মে শ্রেণিকরণ করা হবে। একই সঙ্গে ঋণগ্রহীতা খেলাপি হিসেবে বিবেচিত হয়ে ভবিষ্যতে ঋণ পাওয়ার যোগ্যতা হারাবেন।
বাংলাদেশের প্রাপ্তবয়স্ক নাগরিকদের মধ্যে যাদের বয়স আবেদনের শেষ তারিখে ২৮ বছরের বেশি নয় এবং যারা সংশ্লিষ্ট উপজেলার বাসিন্দা, তারা এই কর্মসূচিতে আবেদন করতে পারবেন।
আবেদনকারীর আগে ব্যবসা পরিচালনার অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক নয়। একটি বাস্তবসম্মত ব্যবসায়িক ধারণা থাকলেই আবেদন করা যাবে।
কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, মৎস্য, পশুপালন, পর্যটন, সেবা এবং প্রযুক্তিনির্ভর উদ্যোগসহ সব ধরনের বৈধ ব্যবসায়িক উদ্যোগ এ কর্মসূচির আওতায় বিবেচনা করা হবে।
আবেদন করা যাবে সম্পূর্ণ বিনামূল্যে। সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় নির্ধারিত ফরমে আবেদন জমা দিতে হবে।
কর্মসূচি বাস্তবায়নের বিস্তারিত নির্দেশনাসংবলিত সার্কুলার আগামী ১৬ সেপ্টেম্বর জারি করা হবে। সার্কুলার প্রকাশের পরবর্তী এক মাস আবেদন দাখিলের সুযোগ থাকবে।
প্রথম ধাপে দেশের আটটি বিভাগের আটটি জেলার ৬৪টি উপজেলায় ‘উদ্যোগ’ কর্মসূচি চালু করা হবে। জেলাগুলো হলো—মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনা।
প্রতিটি উপজেলা থেকে ১০ জন করে প্রথম পর্যায়ে মোট ৬৪০ জন তরুণ উদ্যোক্তা নির্বাচিত হবেন।
পরবর্তী সময়ে পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলার উপজেলাগুলোতেও কর্মসূচিটি সম্প্রসারণ করা হবে। বাংলাদেশ ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী, প্রতি বছর ৫ হাজার তরুণ উদ্যোক্তাকে অর্থায়ন ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ‘উদ্যোগ’ কর্মসূচি শুধু অর্থায়নের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। নির্বাচিত উদ্যোক্তাদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি অভিজ্ঞ পরামর্শকের মাধ্যমে ধারাবাহিক পরামর্শ, ব্যবসা নিবন্ধন এবং ব্যবসায়িক পরিকল্পনা তৈরিতে সহায়তা করা হবে।
এ ছাড়া উদ্যোক্তাদের বাজারের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগও দেওয়া হবে। ফলে নতুন উদ্যোক্তারা ব্যবসা শুরুর পাশাপাশি ব্যবসা পরিচালনা, পরিকল্পনা, নিবন্ধন এবং বাজারজাতকরণ বিষয়ে প্রয়োজনীয় সহায়তা পাবেন।
বাংলাদেশ ব্যাংকের প্রত্যাশা, একজন সফল ক্ষুদ্র উদ্যোক্তার মাধ্যমে গড়ে ৩ থেকে ৫ জনের কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। এ বিবেচনায় ‘উদ্যোগ’ কর্মসূচি নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
