পলিসিধারীদের বিমা দাবি দ্রুত নিষ্পত্তি এবং বিমা খাতে গ্রাহকদের আস্থা পুনর্গঠনে বিশেষ উদ্যোগ নিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এর অংশ হিসেবে সাতটি জীবন বিমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহককে মোট ১৪ কোটি ৫১ লাখ ৩ হাজার ১৪৬ টাকা ৫৮ পয়সার বিমা দাবি পরিশোধ করা হয়েছে।
বৃহস্পতিবার আইডিআরএর সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাতটি জীবন বিমা কোম্পানির পলিসিধারীদের মধ্যে বিমা দাবির চেক হস্তান্তর করেন আইডিআরএ চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন।
আইডিআরএর তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে মোট ৯৪টি চেকের মাধ্যমে ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ ৩ হাজার ১৪৬ টাকা ৫৮ পয়সার বিমা দাবি পরিশোধ করা হয়।
চেক বিতরণ করা হয়েছে বায়রা লাইফ, ফারইস্ট ইসলামী লাইফ, গোল্ডেন লাইফ, হোমল্যান্ড লাইফ, পদ্মা ইসলামী লাইফ, প্রগ্রেসিভ লাইফ ও সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পলিসিধারীদের মধ্যে।
এর মধ্যে বায়রা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৮ জন গ্রাহককে ৪ লাখ ৫১ হাজার ৮২৬ টাকা পরিশোধ করা হয়েছে। ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৫২৮ জন গ্রাহক পেয়েছেন ৫ কোটি ৪২ লাখ ৮৫ হাজার ৩৬৯ টাকা।
গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৪ জন গ্রাহককে দেওয়া হয়েছে ২ লাখ ৫১ হাজার ৪৭৬ টাকা। হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৫ জন গ্রাহক পেয়েছেন ১০ লাখ ৬৬ হাজার ১৯১ টাকা।
এছাড়া পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৬২৪ জন গ্রাহককে ১ কোটি ৯৪ লাখ ৯৪ হাজার ৮৫৩ টাকা এবং প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১ হাজার ৩৫০ জন গ্রাহককে ৬ কোটি ৯০ লাখ ৩২ হাজার ১৬৫ টাকা ৫৮ পয়সা পরিশোধ করা হয়েছে।
সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২০ জন গ্রাহককে দেওয়া হয়েছে ৫ লাখ ২১ হাজার ২৬৬ টাকা।
সব মিলিয়ে সাতটি জীবন বিমা কোম্পানির মাধ্যমে ৯৪টি চেকের বিপরীতে ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের মোট ১৪ কোটি ৫১ লাখ ৩ হাজার ১৪৬ টাকা ৫৮ পয়সার বিমা দাবি পরিশোধ করা হয়েছে।
অনুষ্ঠানে আইডিআরএর চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন বলেন, পলিসিধারীদের ন্যায্য দাবি সময়মতো পরিশোধ নিশ্চিত করা আইডিআরএর অন্যতম প্রধান অগ্রাধিকার। বিমা খাতে জনগণের আস্থা পুনর্গঠনে দাবি নিষ্পত্তির গতি ও স্বচ্ছতা আরও বাড়াতে হবে।
তিনি আরও বলেন, পলিসিধারীদের স্বার্থ সুরক্ষায় আইডিআরএ প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে।
আইডিআরএ মনে করে, পলিসিধারীদের বিমা দাবি পরিশোধের মাধ্যমে তাদের আর্থিক অধিকার নিশ্চিত হওয়ার পাশাপাশি বিমা খাতের প্রতি জনগণের আস্থাও বাড়বে। দীর্ঘদিন ধরে দাবি নিষ্পত্তির অপেক্ষায় থাকা গ্রাহকদের পাওনা পরিশোধের মাধ্যমে খাতটিতে গ্রাহকস্বার্থ সুরক্ষা ও দাবি নিষ্পত্তির ক্ষেত্রে আরও গতি আসবে।
