এবার সুইডেন মাতাবেন জেমস

এবার সুইডেন মাতাবেন জেমস

ফন্ট সাইজ:

দেশের ব্যান্ড সংগীতের কিংবদন্তি শিল্পী মাহফুজ আনাম জেমস বর্তমানে তার সফল ইউরোপ ট্যুরের শেষ প্রান্তে রয়েছেন। লন্ডন, পর্তুগাল, প্যারিস, সাইপ্রাস এবং ইতালির রোম ও ভেনিসে একের পর এক জমকালো কনসার্টে প্রবাসী দর্শকদের মাতানোর পর সফরের শেষ পর্ব সম্পন্ন করতে তিনি এখন সুইডেনে। ইতালির রাজধানী রোম এবং ঐতিহ্যবাহী ভেনিস শহরের সফল কনসার্ট শেষ করে গতকাল সকালে রোমের আন্তর্জাতিক লিওনার্দো দা ভিঞ্চি ফিমিউসিনো বিমানবন্দর থেকে সুইডেনের উদ্দেশে রওনা হন জেমস ও তার ব্যান্ডের সদস্যরা।

বিমানবন্দরে তাকে বিদায় জানাতে ইতালি-বাংলা কমিউনিটির নেতৃবৃন্দসহ বহু প্রবাসী বাংলাদেশি উপস্থিত হন। দীর্ঘ ১২ বছর পর ইতালির রোমে জেমসের মঞ্চ পরিবেশনা ঘিরে স্থানীয় প্রবাসীদের মধ্যে ছিল অভূতপূর্ব উন্মাদনা। কনসার্টের পূর্বে আয়োজিত সংবাদ সম্মেলনে জেমস জানান, এক দশকেরও বেশি সময় পর রোমে গাইতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। গত ২৫ জুলাই লন্ডনে কনসার্টের মাধ্যমে দুই মাসব্যাপী এই ইউরোপ সফরের সূচনা হয়।