‘অনেকবার নিজেকে প্রমাণ করতে হয়েছে’

‘অনেকবার নিজেকে প্রমাণ করতে হয়েছে’

ফন্ট সাইজ:

বিজ্ঞাপনের চুক্তির কথা বলে ডেকে নিয়ে হাত-পা বেঁধে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে আলোচনায় আসেন অভিনেত্রী ও মডেল স্নিগ্ধা চৌধুরী। সম্প্রতি জীবনের কঠিন সময় পার করে নতুনভাবে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। গতকাল জন্মদিনের দিন এক পোস্টে নিজের উপলব্ধির কথা তুলে ধরেছেন তিনি। স্নিগ্ধা জানান, কঠিন সময়ে অনেকেই না জেনে তাকে নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন।

তবে এসবের ভিড়েও ভালোবাসার মানুষের সমর্থন তাকে নতুন জীবন দিয়েছে। জন্মদিনকে কেবল বয়স বাড়ার দিন হিসেবে না দেখে আত্মোপলব্ধির দিন হিসেবে দেখছেন স্নিগ্ধা। তিনি লিখেছেন, জন্মদিন মানেই শুধু আরেকটি বছর পার হয়ে যাওয়া নয়। আমার কাছে জন্মদিন মানে কোথা থেকে শুরু করেছিলাম আর আজ কোথায় এসে দাঁড়িয়েছি, সেই পথটার দিকে একবার ফিরে তাকানো। এই শহর আমাকে অনেক কিছু শিখিয়েছে। অনেক কিছু দিয়েছে। তবে কোনোটাই সহজে দেয়নি। অনেক দরজা বন্ধ হয়েছে। অনেকবার নিজেকে প্রমাণ করতে হয়েছে।

গত ৪০ দিন আমার জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর একটি ছিল। শারীরিক কষ্টের চেয়েও মানসিক যন্ত্রণা অনেক বেশি গভীর। যা হয়তো আমার পরিবারের বাইরে আর কারও জানা নেই। আক্ষেপ প্রকাশ করে অভিনেত্রী লেখেন, মানুষের বিচার খুব দ্রুত হয়। কেউ পুরো গল্প না জেনেই সিদ্ধান্ত নিয়ে নেয়। কেউ সত্যিটা জানার চেষ্টা না করেই একটা মানুষকে ভালো বা খারাপ বলে দেয়। কেউ আবার একজন মানুষের সবচেয়ে দুর্বল মুহূর্তটাকেই তার পুরো পরিচয় বানিয়ে ফেলে। আমি সবকিছু দেখেছি, অনুভব করেছি, সহ্য করেছি। চিকিৎসকের পরামর্শে এতদিন সামাজিক মাধ্যম থেকে দূরে ছিলেন বলেও জানান তিনি।