জামালপুর-ঢাকা বাস চলাচল বন্ধ

শ্রমিকের নিরাপত্তার দাবি

জামালপুর-ঢাকা বাস চলাচল বন্ধ

ফন্ট সাইজ:

মহাসড়কে চালক ও শ্রমিকদের নিরাপত্তার দাবিতে জামালপুর-ঢাকার পথে বাস চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বাস বন্ধ রয়েছে। জামালপুর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বুধবার রাতে জামালপুর আন্তঃজেলা বাস টার্মিনালে এক সংবাদ সম্মেলনে বাস চলাচল বন্ধের ঘোষণা দেয়া হয়।’

জানা যায়, ৩১ আগস্ট রাতে সদর উপজেলার লাহেরীকান্দা এলাকায় রাজিব পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়। এর জের ধরে বুধবার সকালে সদর উপজেলার নান্দিনা বাজার এলাকায় রাজীব পরিবহনের দু’টি বাস আটকে ভাঙচুর চালায় একদল লোক। এ সময় বাসের চালক ও চালকের সহযোগীদের মারধর করা হয় এবং নগদ টাকা ছিনিয়ে নেয়া হয়।

হারুনুর রশিদ বলেন, ‘এই ঘটনার পর শ্রমিকদের মধ্যে তীব্র নিরাপত্তাহীনতা ও ক্ষোভ তৈরি হয়েছে বলে তারা বাস চলাচল বন্ধ করে দিয়েছে।’