বিদেশে চিকিৎসা শেষে প্রায় পাঁচ মাস পর দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে গতকাল বুধবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘চিকিৎসায় উল্লেখযোগ্য উন্নতি হওয়ায় মেডিকেল বোর্ডের পরামর্শে দেশে ফিরেছেন মির্জা আব্বাস। তার সঙ্গে স্ত্রী আফরোজা আব্বাস ও পরিবারের অন্য সদস্যরাও দেশে ফিরেছেন।’
গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অচেতন হয়ে পড়েন মির্জা আব্বাস। এরপর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।
পরে ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেয়া হয়। সেখানে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে ফিজিওথেরাপির জন্য তাকে মালয়েশিয়ায় নেয়া হয়।
