ইরানের বিভিন্ন অঞ্চলজুড়ে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ব্যাপক হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এতে ইরানের নিরাপত্তা বাহিনীর সদস্যসহ অন্তত ১৮ জন নিহত হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়েছে, ইরানের কৌহেস্তাকে এক বিয়ে বাড়িতে যুক্তরাষ্ট্রের হামলায় চারজন নিহত হয়েছে। এ ছাড়া খুজেস্তান প্রদেশের তিনটি স্থানে মার্কিন হামলায় নিহত হয়েছে আরও সাতজন।
পাশাপাশি কারমানশাহ অঞ্চলে গতকালের হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) চার সদস্য নিহত হয়েছে।
এ ছাড়া লাভান দ্বীপে মার্কিন বিমান হামলায় ইরানের আধাসামরিক বাহিনী বাসিজের তিনজন যোদ্ধা নিহত হয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে যে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর আইআরজিসির সাম্প্রতিক সময়ে হামলার চেষ্টা চালানোর পরই যুক্তরাষ্ট্র এই হামলা চালিয়েছে।
এদিকে এসব হামলার জবাবে ইরাক, জর্ডান, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান।
