কিংবদন্তি ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর জনপ্রিয় ২০টি গান নিয়ে সাজানো ট্রিবিউট অ্যালবাম ‘উত্তরাধিকার’-এর কার্যক্রম আপত্তির মুখে স্থগিত করা হয়েছে। অ্যালবামের নতুন সংগীতায়োজন নিয়ে শ্রোতা-ভক্তদের একাংশের তীব্র সমালোচনার পর এই সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকেরা। গত ১৬ আগস্ট আইয়ুব বাচ্চুর জন্মদিনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ‘উত্তরাধিকার’ প্রজেক্টটি। এরপর অ্যালবামের কয়েকটি গান প্রকাশ্যে আসতেই নতুন সংগীতায়োজন ও পরিবেশনা নিয়ে বাচ্চুভক্তদের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
শেষ পর্যন্ত তাদের আপত্তির মুখেই প্রজেক্টটির নতুন গান প্রকাশ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত রোববার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে ‘উত্তরাধিকার’-এর সঙ্গে যুক্ত সব অংশীজনের উপস্থিতিতে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়, অনলাইন প্ল্যাটফর্মে ইতোমধ্যে প্রকাশিত গানগুলো প্রত্যাহার করে নেওয়া হবে। পাশাপাশি অপ্রকাশিত ১৩টি গানও আপাতত প্রকাশ করা হবে না। এলআরবির সদস্য শামীম আহমেদ বলেন, বস (আইয়ুব বাচ্চু) সবার কাছে একটা আবেগের ব্যাপার। তার কালজয়ী সৃষ্টির এভাবে অবমূল্যায়ন হতে পারে না, এ ব্যাপারে সবাই একমত হয়েছেন।
শিগগিরই বসের পরিবারের সবার সঙ্গে কথা বলে তাদের মতামতের ভিত্তিতে একটি প্যানেল করা হবে। তারপর গানগুলো তারা সবাই ঠিকঠাক মনে করলে তখন প্রকাশ করা হবে। উল্লেখ্য, ‘উত্তরাধিকার’ অ্যালবামের সাতটি গান এরই মধ্যে শ্রোতাদের সামনে এসেছে।
এর মধ্যে বাপ্পা মজুমদারের কণ্ঠে নতুন সংগীতায়োজনে প্রকাশিত হয়েছে আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গান ‘রুপালি গিটার’। এ ছাড়া সোনার বাংলা সার্কাসের পরিবেশনায় ‘গতকাল রাতে’, কানিজ সুবর্ণার কণ্ঠে ‘কষ্ট পেতে ভালোবাসি’, জয় শাহরিয়ারের গাওয়া ‘কষ্ট কাকে বলে’, পলাশের কণ্ঠে ‘আপন কেহ নাই’, অটামনাল মুনের গাওয়া ‘হকার’ এবং অদিত রহমানের কণ্ঠে ‘ঘুমন্ত শহরে’ প্রকাশিত হয়েছে।
