চ্যানেল আইয়ে ‘দারুণ দুপুর’

চ্যানেল আইয়ে ‘দারুণ দুপুর’

ফন্ট সাইজ:

দেশের জনপ্রিয় সব তারকাদের সঙ্গে আড্ডা, গল্প ও সাক্ষাৎকারের মাধ্যমে প্রতিদিনের দুপুরকে রাঙাতে চ্যানেল আইয়ের পর্দায় আসছে নতুন অনুষ্ঠান ‘দারুণ দুপুর’। ইফতেখার মুনিম ও অনন্যা রুমার যৌথ প্রযোজনায় নির্মিত তারকাদের সাক্ষাৎকারভিত্তিক এই শো’টি স্পন্সর করছে কাজী অ্যান্ড কাজী টি। তারকাদের সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান হলেও ‘দারুণ দুপুর’ সরাসরি সম্প্রচারিত হবে না। অনুষ্ঠানটি রেকর্ডেড। ‘দারুণ দুপুর’র হোস্ট হিসেবে থাকছেন নির্মাতা ও অভিনেতা সোহেল আরমান।

অনুষ্ঠানে দেশের জনপ্রিয় তারকাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আড্ডা, গল্প ও কথোপকথনে মেতে উঠবেন তিনি। তারকাদের কাজ, ক্যারিয়ার ও ব্যক্তি জীবনের নানা প্রসঙ্গও উঠে আসবে এই আয়োজনে। গতকাল অনুষ্ঠানটি শুরু হয়েছে। শুক্রবার ছাড়া প্রতিদিন দুপুর ১২টা ০৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হচ্ছে ‘দারুণ দুপুর’। অনুষ্ঠানে আড্ডায় আড্ডায় উঠে আসবে তারকাদের অনেক জানা-অজানা গল্প। বিভিন্ন অপ্রকাশিত বিষয়ও অনুষ্ঠানটিতে তারকারা প্রথমবারের মতো প্রকাশ করবেন। চ্যানেল আইয়ের অন্যান্য অনুষ্ঠানের মতো ‘দারুণ দুপুর’ও খুব শিগগিরই দর্শকের কাছে জনপ্রিয় হয়ে উঠবে বলে আশাবাদী অনুষ্ঠানটির প্রযোজক অনন্যা রুমা।