চলমান মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ পেরু। পেরুর পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, মধ্যপ্রাচ্যে সহিংসতায় উসকানি দেয়া এবং সংঘাতের মাত্রা বাড়ানোর জন্য ইরানের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে পেরু সরকার।
বিবৃতিতে আরও বলা হয়েছে, একই সঙ্গে ইরানি সরকারের আরোপ করা কঠোর বিধিনিষেধ এবং ২০২৬ সালের মার্চ থেকে হরমুজ প্রণালির মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য ব্যাহত হওয়ার ঘটনায় পেরু সরকার গভীরভাবে উদ্বিগ্ন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইকুয়েডরে অবস্থিত ইরানি দূতাবাসে একটি কূটনৈতিক নোট পাঠিয়ে ইরানকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। পেরু ও ইরানের মধ্যে ১৯৭৩ সালের নভেম্বর থেকে কূটনৈতিক সম্পর্ক বিদ্যমান ছিল।
