যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে পাল্টাপাল্টি হামলায় আবার ঝরছে প্রাণ। যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলায় ইরানে একটি বিয়ের অনুষ্ঠানে নিহত হয়েছে শিশু সহ কমপক্ষে চারজন। এর কঠোর জবাব দেয়ার হুমকি দিয়ে ইরাক, জর্ডান, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। মার্কিন বাহিনী মঙ্গলবার ইরানে আবারও হামলা চালায়। এ কথা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। তাদের দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড করপস (আইআরজিসি) সাম্প্রতিক সময়ে হামলার চেষ্টা চালানোর পরই যুক্তরাষ্ট্র এই হামলা চালিয়েছে। ওদিকে ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, মার্কিন হামলায় চারজন নিহত হয়েছেন।
এর মধ্যে একটি ছোট শিশুও রয়েছে। দক্ষিণ ইরানের সিরিকে একটি বিয়ের অনুষ্ঠান চলাকালে একটি বাড়িতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ছোড়া ধ্বংসাবশেষ আঘাত হানলে তারা নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন ৫০ জনের বেশি। স্থানীয় রাষ্ট্রীয় গণমাধ্যম ও জর্ডানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, এর জবাবে ইরাক ও জর্ডানে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। কুয়েত ও বাহরাইনেও হামলার খবর পাওয়া গেছে। আইআরজিসি বলেছে, যুক্তরাষ্ট্রকে এসব হামলার জন্য ‘অনুতপ্ত’ হতে হবে। ইরানের আধাসরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, সিরিক হামলার প্রতিশোধ হিসেবে বুধবার ভোরের দিকে জর্ডানের আকাবায় থাকা একটি মার্কিন মেরিন ঘাঁটি লক্ষ্য করে একঝাঁক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। জর্ডানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, তারা ১৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।
এর মধ্যে ১০টি ধ্বংস করা হয়েছে এবং তিনটি প্রত্যন্ত এলাকায় গিয়ে পড়েছে। ইরানের হামলায় কোনো হতাহত হয়নি। রাষ্ট্রীয় টেলিভিশন নেটওয়ার্কটি আরও জানিয়েছে, দেশটির জাতীয় নিরাপত্তা কেন্দ্র আকাবা ও মাফরাক গভর্নরেটের বাসিন্দাদের আকাশ থেকে ধ্বংসাবশেষ পড়ে যাওয়ার বিষয়ে সতর্ক করেছিল। পরে সেই সতর্কতা প্রত্যাহার করা হয়েছে। এদিকে বুধবার ভোরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে কুয়েতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় বলে জানিয়েছে কুয়েতের সেনাবাহিনী।
ইরানের হামলার পর বাহরাইনেও বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। মঙ্গলবার বিকেলে মার্কিন হামলার ঘোষণা দেয়ার সময় প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, ইরান পাল্টা হামলা চালালে দেশটির ওপর আবারও ‘আরও কঠোর ও আরও উচ্চমাত্রায়’ হামলা চালানো হবে।
