ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া দেয়ার জন্য বিএসএফকে জমি হস্তান্তরে রাজি হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সীমান্তে বেড়া এবং বর্ডার আউটপোস্ট নির্মাণের জন্য অবশেষে ১০৫ একর জমি বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফের হাতে তুলে দিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। এ ব্যাপারে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস এবং অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত মন্ত্রিগোষ্ঠী সম্প্রতি এই প্রস্তাব অনুমোদন করেছে। ফলে সীমান্ত ব্যবস্থাপনায় এক নতুন মোড় নেবে বলে মনে করা হচ্ছে ।
সীমান্তে বেড়া ও আউটপোষ্ট তৈরির জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণ বাবদ অর্থ বরাদ্দ করা সত্বেও বিএসএফের তরফে বারবার তাগাদার পর পশ্চিমবঙ্গ সরকার জমি হস্তান্তর করতে টালবাহানা করছিল। তবে সম্প্রতি কলকাতা হাইকোর্ট জাতীয় নিরাপত্তার স্বার্থে জমি হস্তান্তরের প্রক্রিয়া দ্রুত করার নির্দেশ দিয়েছিল। এরপর রাজ্য সরকারের এই সিদ্ধান্ত।
ভারতের সঙ্গে বাংলাদেশের ২,২১৬.৭ কিলোমিটার সীমান্ত পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে গিয়েছে। এর মধ্যে বড় একটি অংশ এখনও বেড়াহীন । এর ফলে অনুপ্রবেশ, গরু পাচার, সোনা চোরাচালান এবং মাদক পাচারের মতো নানা অপরাধমূলক ঘটনা ঘটে চলেছে বলে অভিযোগ। কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরেই অভিযোগ করছিল যে, জমি অধিগ্রহণে বিলম্বের কারণে তারা সীমান্ত সিল করতে পারছে না।
জানা গিয়েছে, ১০৫ একর জমি ব্যবহারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। প্রায় ১৭ কিলোমিটার অরক্ষিত সীমান্ত বেড়া দেওয়ার জন্য ৬৭ একর জমি ব্যবহার করা হবে। ৯ টি নতুন বর্ডার আউটপোস্ট নির্মাণের জন্য ১৮ একর জমি বরাদ্দ করা হয়েছে।এছাড়া আরও ২৫ একর জমি বিভিন্ন সীমান্ত এলাকায় বিএসএফের পরিকাঠামো উন্নয়নের জন্য ব্যবহারের প্রস্তাব অনুমোদন পেয়েছে।
