লন্ডনে বসছে ব্যালন ডি’অরের জমকালো রাত

লন্ডনে বসছে ব্যালন ডি’অরের জমকালো রাত

ফন্ট সাইজ:

আগামী ৮ই সেপ্টেম্বর প্রকাশ করা হবে ২০২৬ সালের ব্যালন ডি’অর পুরস্কারের জন্য মনোনীতদের চূড়ান্ত তালিকা। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত পুরস্কারটির ৭০তম আসরকে সামনে রেখে সম্প্রতি ‘ফ্রান্স ফুটবল’ এই দিনক্ষণ ঘোষণা করেছে।

ব্যালন ডি’অরের ইতিহাসে এবার একটি বড় পরিবর্তন আসছে। পুরস্কারটির ৭০ বছর পূর্তি উপলক্ষে ঐতিহ্যবাহী প্যারিস ছেড়ে প্রথমবারের মতো ইংল্যান্ডের রাজধানী লন্ডনে বসছে মূল আসরের আসর। আগামী ২৬শে অক্টোবর লন্ডনে এক ঐতিহাসিক আয়োজনের মধ্য দিয়ে প্রদান করা হবে এবারের পুরস্কার। এর আগে ৮ই সেপ্টেম্বর বাংলাদেশ সময় বিকাল ৪টা থেকে রাত ৯টার মধ্যে অফিসিয়াল প্ল্যাটফর্মগুলোতে পুরুষ ও নারী বিভাগের ৩০ জন করে মোট ৬০ জন মনোনীত ফুটবলারের নাম প্রকাশ করা হবে।

একই সঙ্গে সেরা তরুণ খেলোয়াড়, গোলকিপার, কোচ, গোলদাতা এবং ক্লাবের জন্য অন্যান্য ক্যাটাগরির পুরস্কারগুলোর মনোনয়ন তালিকাও উন্মোচন করা হবে। ২০২৫-২৬ মৌসুমের ক্লাব পারফরম্যান্স এবং ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের পারফরম্যান্স এবারের বিজয়ীদের নির্ধারণে সবচেয়ে বড় ভূমিকা রাখবে।

মনোনয়ন প্রকাশের পর শুরু হবে ভোটগ্রহণ প্রক্রিয়া। পুরুষদের ব্যালন ডি’অরের জন্য ফিফা র‍্যার্ঙ্কিংয়ের সেরা ১০০টি দেশের নির্বাচিত সাংবাদিকরা ভোট দেবেন। অন্যদিকে, নারীদের ব্যালন ডি’অর বিজয়ী নির্ধারিত হবে সেরা ৫০টি দেশের প্রতিনিধিদের ভোটে। ব্যক্তিগত পারফরম্যান্স, দলীয় সাফল্য এবং ফেয়ার প্লে-এর মতো বিষয়গুলো বিবেচনা করে প্রতিটি দেশের সাংবাদিকরা শীর্ষ ১০ জন খেলোয়াড়কে ক্রমানুসারে ভোট দেবেন।

ইংল্যান্ডে এই অনুষ্ঠান আয়োজনের পেছনে রয়েছে গভীর ঐতিহাসিক তাৎপর্য। ১৯৫৬ সালে যখন ‘ফ্রান্স ফুটবল’ প্রথম ব্যালন ডি’অর চালু করে, তখন এর প্রথম বিজয়ী হন ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার স্যার স্ট্যানলি ম্যাথিউস। প্রতিষ্ঠার সাত দশক পর লন্ডনে এই জমকালো অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে মূলত ইতিহাসের সেই প্রথম বিজয়ীকেই বিশেষ শ্রদ্ধা জানানো হবে।

উল্লেখ্য, ২০২৫ সালের ব্যালন ডি’অর জেতেন পুরুষ বিভাগে উসমান দেম্বেলে এবং নারী বিভাগে আইতানা বোনমাতি। এখন তাদের উত্তরসূরি কে হবেন, তা নিয়ে ফুটবলপ্রেমীদের মাঝে জল্পনা-কল্পনার শেষ নেই। ৮ই সেপ্টেম্বর মনোনীতদের নাম প্রকাশের মধ্য দিয়ে শুরু হবে সেই কাঙ্ক্ষিত লড়াই, যা শেষ হবে আগামী ২৬শে অক্টোবর লন্ডনের বর্ণিল আয়োজনে।