মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীকে সম্মানিত করলে বাংলাদেশ সম্মানিত হয় বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী। তিনি বলেন, জেনারেল এমএজি ওসমানীকে যথাযথ মর্যাদায় স্মরণ করলে মহান মুক্তিযুদ্ধ আরও বেশি মহিমান্বিত হয়। ইতিহাসে যার যে অবদান, তা যথাযথ মর্যাদায় স্মরণ করতে হবে। সোমবার (১ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানী স্মৃতি পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
মনিরুল হক চৌধুরী বলেন, বিএনপি সরকার, বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় সংসদের প্রথম অধিবেশনে জাতির এই বীর সন্তানকে যথাযথ শ্রদ্ধায় স্মরণ করেছেন। জেনারেল এমএজি ওসমানীকে জাতীয়ভাবে সম্মানিত করা খুব কঠিন কোনো কাজ নয় বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, জাতীয় সংসদের চলতি অধিবেশনে জেনারেল এমএজি ওসমানীর অবদান নিয়ে আলোচনার সুযোগ চাইবেন তিনি। “ইতিহাসে যার যে অবদান, তা অবশ্যই যথাযথ মর্যাদায় স্মরণ করতে হবে। অন্যথায় আমাদের অর্জনগুলো হুমকির মুখে পড়বে বলেন তিনি।
আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানীর অসামান্য অবদান, নেতৃত্ব ও বীরত্বগাথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের একপর্যায়ে জালালাবাদ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জন্মবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ বজলুল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ, সাবেক সচিব এএইচএম মোফাজ্জল করিম, বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক শীর্ষ কর্মকর্তা এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরী (অব.), সাবেক অতিরিক্ত সচিব এএফএম ইয়াহিয়া চৌধুরী ও সাবেক এমপি সৈয়দা শাহিনা খান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ রিপন কবির লস্কর, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ক্যাপ্টেন (অব.) মিজানুর রহমান, প্রকাশনা সম্পাদক তানজিল মুক্তাদির রাফি, ডা. জহিরুল ইসলাম অচিনপুরী, শামসুদ্দিন চৌধুরী, হাসিনা শিমু ও সৈয়দ আবদুল হাকিম তাহমীসহ অনেকে।
