অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে ডিএজি এএজি নিয়োগ ঘিরে বিতর্ক যেন থামছে না। গেল মাসে একযোগে ২৬৫ জন আইন কর্মকর্তা নিয়োগে অনেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলছেন। সেই সঙ্গে নিয়োগ প্রাপ্তদের কেউ কেউ আওয়ামী লীগ ও জামায়াতের সমর্থক বলেও অভিযোগ করছেন নিয়োগ বঞ্চিত আইনজীবীরা। এদিকে নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার পর থেকেই সুপ্রিমকোর্টে হট্টগোল শুরু হয়। যা দেড় মাস ধরেই চলমান রয়েছে। দীর্ঘদিন বিএনপির দলীয় কর্মকান্ডে যুক্ত থেকেও নিয়োগ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন সুপ্রিমকোর্টের শতাধিক আইনজীবী। প্রতিবাদ জানিয়ে তারা নিয়মিত মানববন্ধন, বিক্ষোভ ও অনশন করে প্রতিবাদ জানাচ্ছেন। এদিকে মঙ্গলবার পাল্টা কর্মসূচী দেয় নিয়োগ পাওয়া ডিএজি, এএজিরা। এতে দুপুরে সুপ্রিমকোর্টে ব্যাপক হট্টগোল শুরু হয়। এক পর্যায়ে দুই পক্ষই মারমুখি অবস্থানে চলে যায়।
দিনভর উত্তেজনার পর সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে বিএনপিন্থী আইনজীবীদের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। সন্ধ্যা ৬টার পর সমিতির মিলনায়তনের সামনে থেকে শুরু হয়েছে কয়েক দফায় এই মারামারির ঘটনা ঘটেছে। পরে কয়েকজন সিনিয়র আইনজীবীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সাড়ে রাত ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত শাহবাগ থানা পুলিশের একটি দল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে অবস্থান করছিল। তবে কোন মামলা দায়ের হয়েছে কি না, তা জানা যায়নি। এ ঘটনায় তিন আইনজীবী আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা হলেন- আইনজীবী ইব্রাহিম খলিল, জাফর আহমেদ ও আনিসুজ্জামান রায়হান।
প্রত্যক্ষদর্শীরা জানানান, সন্ধ্যা ৬টার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহিদ সফিউর রহমান মিলনায়তনের সামনে একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও নিয়োগ বঞ্চিত আইনজীবী জাফর আহমেদের সঙ্গে কথাকাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। বেশ কিছু সময় এখানে হাতাহাতি ধাক্কাধাক্কি চলতে থাকে দুই গ্রুপে। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে সমিতির চপু চত্তরের পাশের প্রবেশ সামনে অ্যাডভোকেট ইব্রাহিম খলিল নামে এক আইনজীবী মারধর করেন কিছু আইনজীবী। এর কিছুক্ষণপর এই গেটের পাশে ব্যাডমিন্টন কোটের সামনেও বিএনপিপন্থী আইনজীবীদের দুই গ্রুপকে মারামারি করতে দেখা গেছে।
এর আগে দুপুর দেড়টার দিকে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হতে দেখা গেছে। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচিকে কেন্দ্র করে দুই গ্রুপের আইনজীবীদের স্লোগান দিতে দিতে মুখোমুখি অবস্থান নিতে এবং ধাক্কাধাক্কিতে জড়াতে দেখা গেছে তাদের।
প্রত্যক্ষদর্শী আইনজীবীরা জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে কর্মরত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের দিকে গেলে সেখানে আগে থেকেই অবস্থানরত নিয়োগবঞ্চিত দাবি করা বিএনপিপন্থী আইনজীবীদের একটি অংশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। উভয় পক্ষই নিজেদের অবস্থানের পক্ষে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে উত্তেজনা বেড়ে গেলে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।
গত ৩০শে জুলাই পূর্বের সকল নিয়োগ বাতিল করে নতুন ২৬৫ জন আইন কর্মকর্তা নিয়োগ দেয় সরকার। এরপর এসব পদে ছিলেন এমন বাদ পড়া এবং নিয়োগপ্রত্যাশী ছিলেন পাননি, এমন আইনজীবীরা প্রতিবাদ শুরু করেন। তারা প্রতিদিনই অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে আসছিলেন।
