প্রধানমন্ত্রীর পর এমপি পদও ছাড়ার ঘোষণা স্টারমারের

প্রধানমন্ত্রীর পর এমপি পদও ছাড়ার ঘোষণা স্টারমারের

ফন্ট সাইজ:

বৃটিশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব ছাড়ার পর এবার পার্লামেন্ট সদস্য (এমপি) পদ থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন স্যার কিয়ার স্টারমার। এর ফলে লন্ডনের হলবর্ন ও সেন্ট প্যানক্রাস আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। খবর বিবিসির।
ক্যামডেন নিউ জার্নাল পত্রিকাকে দেয়া এক বিবৃতিতে স্টারমার বলেন, ১১ বছর ধরে এই আসনের প্রতিনিধিত্ব করা তার জন্য ‘বিশাল সম্মান ও গর্বের বিষয়’ ছিল। তবে এখন তিনি নিজের মনোযোগ ‘আন্তর্জাতিক বিষয়ে’ কেন্দ্রীভূত করতে চান।
চলতি গ্রীষ্মের শুরুতে বৃটেনের প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ান স্টারমার। এরপর অ্যান্ডি বার্নহ্যাম তার স্থলাভিষিক্ত হন।

প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর স্টারমার এমপি হিসেবে থাকবেন কিনা, তা নিয়ে কয়েক সপ্তাহ ধরে নানা জল্পনা চলছিল। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, পরবর্তী সাধারণ নির্বাচন পর্যন্ত তিনি এমপি হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে নিজের সিদ্ধান্ত থেকে শেষপর্যন্ত সরে দাঁড়ালেন তিনি।
বৃটেনের পরবর্তী সাধারণ নির্বাচন ২০২৯ সালে অনুষ্ঠিত হওয়ার কথা।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রকাশিত বিবৃতিতে স্টারমার বলেন, এখন তিনি ‘দায়িত্বের ব্যাটন একজন উত্তরসূরির হাতে তুলে দিতে’ প্রস্তুত।

তিনি বলেন, আমি এখন অন্য বিষয়গুলোর দিকে মনোযোগ দেব। এর মধ্যে থাকবে আন্তর্জাতিক বিষয়, যার মধ্যে রয়েছে প্রতিরক্ষা, নিরাপত্তা, বাণিজ্য ও প্রযুক্তি; বিশেষ করে দ্রুত পরিবর্তনশীল এই বিশ্বে।’
তিনি আরও বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে অন্যদের সঙ্গে মিলে নারী ও কন্যাশিশুদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে কাজ করে আসছি। এটি এমন একটি বিষয়, যা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমপি হওয়ার আগেই আমি এই কাজ শুরু করেছিলাম এবং এমপি পদ ছাড়ার পরও তা চালিয়ে যেতে চাই।’