আবারও এডিবি প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মাসাতো কান্দা

আবারও এডিবি প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মাসাতো কান্দা

ফন্ট সাইজ:

জাপানের সাবেক আন্তর্জাতিক বিষয়ক উপ অর্থমন্ত্রী মাসাতো কান্দা দ্বিতীয় মেয়াদে আবারও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এডিবির ওয়েবসাইটে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংস্থার বোর্ড অব গভর্নরসের সদ্য সমাপ্ত নির্বাচনে সর্বসম্মতিক্রমে দ্বিতীয় মেয়াদের জন্য মাসাতো কান্দা প্রেসিডেন্ট পদে পুনর্র্নিবাচিত হয়েছেন। তার দ্বিতীয় মেয়াদ পাঁচ বছরের জন্য এবং আগামী ২৪ নভেম্বর থেকে তা কার্যকর হবে।

মাসাতো ২০২৪ সালের ২৭ নভেম্বর এডিবির ১১তম প্রেসিডেন্ট হিসেবে প্রথমবার নির্বাচিত হন।
দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর কান্দা বলেন, আমাদের অঞ্চলের ইতিহাসের এই গুরুত্বপূর্ণ সময়ে সদস্যরা আমার ওপর যে আস্থা রেখেছেন, তাতে আমি গভীরভাবে সম্মানিত ও কৃতজ্ঞ। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনীতিগুলো আগের সংকট থেকে পুরোপুরি ঘুরে দাঁড়ানোর আগেই নতুন নতুন ধাক্কা আসছে। একই সঙ্গে আন্তর্জাতিক ব্যবস্থা প্রজন্মের মধ্যে সবচেয়ে বড় চাপের মুখে রয়েছে।

তিনি আরও বলেন, এডিবিকে অবশ্যই এই অঞ্চলের স্থিতিশীলতার প্রধান ভিত্তি হিসেবে কাজ করতে হবে। তবে স্থিতিশীলতার অর্থ স্থবির হয়ে থাকা নয়। আমাদের সদস্যদের প্রয়োজন অনুযায়ী দ্রুততার সঙ্গে এবং প্রয়োজনীয় মাত্রায় অর্থ ও সহায়তা জোগাড় করতে হবে যেন মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি পরবর্তী প্রজন্মের জন্য আরও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা যায়।

কান্দা দায়িত্ব নেয়ার পর থেকে এডিবি সদস্য দেশগুলোর জন্য সহায়তা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে।
২০২৫ সালে এডিবি রেকর্ড ৪৪ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে। এর মধ্যে ২৯ বিলিয়ন ডলারের বেশি এসেছে এডিবির নিজস্ব তহবিল থেকে এবং প্রায় ১৫ বিলিয়ন ডলার এসেছে যৌথ অর্থায়ন বা কো-ফাইন্যান্সিংয়ের মাধ্যমে।
এডিবিতে যোগ দেয়ার আগে মাসাতো কান্দা ২০২৪ থেকে ২০২৫ সাল পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর বিশেষ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এর আগে ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি জাপানের আন্তর্জাতিক বিষয়ক অর্থ উপমন্ত্রী ছিলেন। এ ছাড়া কান্দা জি-৭ ও জি-২০সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ফোরামে জাপানের প্রতিনিধিত্ব করেছেন।
১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এডিবির মালিকানায় রয়েছে ৬৯টি সদস্য দেশ। এর মধ্যে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৫০টি দেশ রয়েছে।