পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝির রহস্যজনক মৃত্যু হয়েছে। মমতার মামাতো ভাই নীহার মুখোপাধ্যায়ের মেয়ে বৃষ্টি মুখোপাধ্যায়ের ঝুলন্ত দেহ মঙ্গলবার দুপুরে বীরভূমের রামপুরহাটের কুসুম্বা গ্রামে নিজেদের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।
রামপুরহাট থানার পুলিশ দেহ উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃষ্টি আত্মহত্যা করেছেন। তবে কী কারণে এই পদক্ষেপ, তা অজানা। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ।
২০২৩ সালের মার্চ মাসে কলকাতা হাই কোর্টের নির্দেশে এসএসসি-র নিয়োগপ্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে বৃষ্টির চাকরি বাতিল হয়। বোলপুর হাই স্কুলের করণিক ছিলেন তিনি।
বৃষ্টির বাবা নীহার দাবি করেছিলেন, তার মেয়ে বরাবর পড়াশোনায় ভাল। নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিলেন। কোথাও, কোনোভাবে মেয়ের চাকরির জন্য দরবার করেননি তিনি।
সম্প্রতি বৃষ্টির বিবাহ বিচ্ছেদের মামলা চলছিল। তা নিয়েও ভারাক্রান্ত থাকতেন। সেই কারণেই আত্মহত্যা নাকি অন্য কোনো চাপ ছিল, এসব প্রশ্ন উঠছে।
তবে পারিবারিক সূত্রে বলা হয়েছে, গত ৪-৫ বছর ধরে বৃষ্টি মানসিক অবসাদে ভুগছিলেন। চিকিৎসা চলছিল। ইদানিং নিজের ঘরে প্রায় একাই থাকতেন।
তার এক আত্মীয়ের কথায়, ও ডিপ্রেশনে ছিল, চিকিৎসা চলছিল। নিজের ঘরে একাই থাকত। আমাদের সঙ্গে বেশি কথা বলত না। আজ সকালেও ছিল নিজের ঘরে। আমরা কেউ আর বাইরে দেখিনি। তারপর তো শুনছি, গলায় দড়ি দেয়া অবস্থায় পাওয়া গিয়েছে। জানি না হঠাৎ কী ঘটে গেল।
