বিয়ের ৫ মাসের মাথায় র‌্যাপার বাদশাহ ও অভিনেত্রী ইশা রিখির বিচ্ছেদ

বিয়ের ৫ মাসের মাথায় র‌্যাপার বাদশাহ ও অভিনেত্রী ইশা রিখির বিচ্ছেদ

ফন্ট সাইজ:

র‌্যাপার বাদশাহ ও পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখি বিয়ের ৫ মাসের মাথায় বিচ্ছেদ নিশ্চিত করেছেন। সোমবার রাতে তারা বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন। এর মধ্য দিয়ে তাদের সম্পর্ক নিয়ে এক মাস ধরে চলা জল্পনার অবসান হলো। মার্চে ঘরোয়া আয়োজনে বিয়ে করা এই দম্পতি নিজেদের ইনস্টাগ্রাম স্টোরিতে যৌথ বিবৃতি প্রকাশ করে বিচ্ছেদের ঘোষণা দেন। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

বাদশাহ লিখেছেন, আমি ও ইশা রিখি পারস্পরিক সিদ্ধান্তে আলাদা হয়ে নিজেদের পৃথক পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। পারস্পরিক সম্মানের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সময়ে সবাইকে অনুরোধ করছি, দয়া করে আমাদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান দেখান। এ বিষয়ে এটিই হবে আমাদের একমাত্র বক্তব্য। আমাদের সম্পর্ক নিয়ে আর কোনো জল্পনা বা অনুমান না করার জন্য আমরা আন্তরিকভাবে অনুরোধ করছি।

জুলাই মাসে বাদশাহ ও ইশা রিখির সম্পর্কের টানাপড়েন নিয়ে বিভিন্ন প্রতিবেদন ও আলোচনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। জুলাইয়ে ইশা রিখি নিজের ও বাদশাহর ছবি ও ভিডিওর একটি সংকলন ইনস্টাগ্রামে পোস্ট করেন। পোস্টটির ক্যাপশনে তিনি লিখেছেন, প্রতিটি ঝড়ই একটি শিক্ষা। প্রতিটি প্রার্থনাই আশা। এর সঙ্গে তিনি ভাঙা হৃদয় ও প্রার্থনারত হাতের ইমোজি ব্যবহার করেন। এরপর অনেক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী ধারণা করতে শুরু করেন, তাদের দাম্পত্য সম্পর্কে হয়তো সমস্যা দেখা দিয়েছে।

সম্প্রতি অভিনেত্রীর মা পুনম রিখিও কর্মফল বা ‘কর্মা’ নিয়ে ধারাবাহিক কিছু পোস্ট করেন। জুন মাসে ইনস্টাগ্রামে ‘আস্ক মি এনিথিং’ পর্বে বাদশাহর সঙ্গে তার বিয়ের বিষয়টি নিশ্চিত করেন ইশা রিখি। এদিকে বিচ্ছেদের ঘোষণা এমন সময় এলো, যখন গুঞ্জন ছড়িয়েছে যে ইশা রিখি সালমান খানের সঞ্চালনায় আসন্ন ‘বিগ বস ২০’-এর প্রতিযোগীদের একজন হতে পারেন। এর আগে জেসমিন মাসিহকে বিয়ে করেছিলেন বাদশাহ। ২০২০ সালে তাদের বিচ্ছেদ হয় এবং আইনি প্রক্রিয়ায় বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়। তাদের একটি মেয়ে আছে। তার নাম জেসেমি গ্রেস মাসিহ সিং। ২০১৭ সালের জানুয়ারিতে তার জন্ম।