দীর্ঘদিন ধরেই চলচ্চিত্র থেকে আড়ালে রয়েছেন ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি। অভিনয় থেকে দূরে থাকা এই তারকা এখন নিজের জীবন নিয়ে নতুন করে ভাবছেন। জীবনের বাকি সময়টা শান্তি ও সৃষ্টিকর্তার স্মরণে কাটাতে চান বলে জানান তিনি। একইসঙ্গে তার কথায় অভিনয়ে না ফেরার ইঙ্গিতও স্পষ্ট। সম্প্রতি পপি জানান, তিনি সুন্দরভাবে বাঁচতে চান। আল্লাহ্-খোদার নাম নিয়েই বাকিটা সময় কাটাতে চান। তার এই কথায় শুধু ধর্মীয় জীবনযাপনের ইচ্ছাই নয়, চলচ্চিত্রের ঝলমলে জগৎ থেকে নিজেকে গুটিয়ে নেয়ার ইঙ্গিতও পাওয়া গেছে। নিজের অতীতের দিকে ফিরে তাকিয়ে অভিনেত্রী আরও বলেন, যতটা পাপ কামিয়েছি, তার সবটা ধুয়ে মুছে সুন্দরভাবে মরতে চাই। বাকিটা জীবন নিজের মতো করেই বাঁচতে চাই।
প্রসঙ্গত, ১৯৯৭ সালে ‘কুলি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পপির। প্রথম ছবির মাধ্যমেই তাক লাগিয়ে দেন তিনি। এরপর একে একে অনেক সিনেমায় অভিনয় করে গেছেন। দীর্ঘ অভিনয় জীবনে বাণিজ্যিক সিনেমার পাশাপাশি প্রশংসিত বেশ কিছু চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। অভিনয়ের স্বীকৃতি হিসেবে অর্জন করেছেন একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। ২০২০ সালে করোনাভাইরাস মহামারির সময় শুটিং থেকে দীর্ঘ বিরতিতে চলে যান পপি। ওই সময় নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলেন। সুস্থ হয়ে উঠলেও ২০২১ সালের শুরু থেকে মিডিয়া-সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন এই অভিনেত্রী। আড়ালে চলে যান পপি। এরপর থেকেই তাকে ঘিরে নানা ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তখন খবর ছড়ায়, বিয়ে করে সংসারী হয়েছেন পপি। পরে জানা যায়, তিনি এক পুত্রসন্তানের মা হয়েছেন। তার ছেলের নাম আয়াত। বর্তমানে তার বয়স প্রায় চার বছর।
