ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব দোহার (ডুসাড) এর সাবেক সভাপতি ও সাংবাদিক নূরুল ইসলাম তানিমের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সংগঠনটি। সোমবার বিকেলে ঢাকার দোহার উপজেলার জয়পাড়া কালেমা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে সাংবাদিক নূরুল ইসলাম তানিমের ওপর হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হামলার সঙ্গে জড়িতদের দল-মত ও রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, একজন সাংবাদিকের ওপর হামলা শুধু ব্যক্তির ওপর হামলা নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারের ওপরও আঘাত। তাই এ ঘটনায় জড়িত প্রত্যেক ব্যক্তির বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। এর আগে গত শনিবার দোহার উপজেলা স্বাস্থকমপ্লেক্সে নারীদের লাইনে দাঁড়িয়ে টিকিট গ্রহণকে কেন্দ্র করে অনিয়মের প্রতিবাদ করায় কালবেলার দোহার প্রতিনিধি সাংবাদিক নূরুল ইসলাম তানিমের ওপর হামলা করা হয়। দোহার উপজেলা শ্রমিক দলের সভাপতি আওয়াল মেম্বার, দোহার পৌরসভার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক (রেজ্জেক) ও সদস্য মো. আজাদের নেতৃত্বে এ হামলা চালানো হয়। ওই ঘটনার প্রতিবাদ এবং হামলায় জড়িতদের শাস্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব দোহার।
মানববন্ধন শেষে প্রশাসনের কাছে স্বারকলিপি প্রদান করে সংগঠনের নেতাকর্মীরা। মানববন্ধনে উপস্থিত ছিলেন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব দোহার (ডুসাড) এর সভাপতি মো. কাইয়ূম হোসেন, সাবেক সভাপতি মো. রাসেল মোল্লা সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শিক্ষার্থীরা।
