কুমিল্লায় কিশোরীকে ৫ বন্ধু মিলে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

ফন্ট সাইজ:

কুমিল্লার লালমাই পাহাড়ে ঘুরতে নিয়ে ১৫ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে তার প্রেমিক ও চার বন্ধুর বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত সাকিব (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার বিকালে জেলার সদর দক্ষিণ উপজেলার লালমাই পাহাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম। গ্রেপ্তারকৃত সাকিব জেলার আদর্শ সদর উপজেলার কালীর বাজার ইউনিয়নের উজিরপুর এলাকার শহীদ মিয়ার ছেলে।

কিশোরীর বরাত দিয়ে পুলিশ জানায়, গত শনিবার বিকালে প্রেমিক সিয়ামের ফোন পেয়ে জেলার চান্দিনা উপজেলার নিজ বাড়ি থেকে ওই কিশোরী কুমিল্লা নগরীর ধর্মসাগর এলাকায় আসেন। পরে সিয়াম তাকে কোটবাড়ী এলাকায় ঘুরতে যাওয়ার কথা বলে মোটরসাইকেলে তুলে নেয়। সেখান থেকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লালমাই পাহাড়ের সাধেরমুড়া এলাকার একটি নির্জন স্থানে তাকে নিয়ে যাওয়া হয়।

পাহাড়ের ওই নির্জন স্থানে আগে থেকেই উপস্থিত ছিল সিয়ামের কয়েকজন বন্ধু। সন্ধ্যা ঘনিয়ে এলে কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে সিয়ামসহ তার বন্ধুরা রাতভর ধর্ষণ করে। রোববার বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা কিশোরীর সহায়তায় সাকিবকে আটক করে পুলিশের জরুরি সহায়তা ৯৯৯ কল করে। পরে ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ি ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার ও সাকিবকে আটক করে।
সন্ধ্যায় দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম জানান, এ ঘটনায় ওই কিশোরীর বাবা প্রধান অভিযুক্ত হিসেবে তার প্রেমিক সিয়ামসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ঘটনায় জড়িত সাকিব নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার নিকট থেকে জড়িতদের নাম পাওয়া গেছে। ওই কিশোরীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনায় জড়িত অপর আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে পুলিশ।