ইরানকে আরও ‘কঠোরভাবে আঘাত’ করার হুমকি ট্রাম্পের

ইরানকে আরও ‘কঠোরভাবে আঘাত’ করার হুমকি ট্রাম্পের

ফন্ট সাইজ:

জর্ডানে মার্কিন বাহিনীর ওপর ইরানের হামলার পর দেশটিকে ‘কঠোরভাবে আঘাত’ করার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ফক্স নিউজের সাংবাদিক ট্রে ইয়িংস্টকে ফোনে ট্রাম্প বলেন, আমরা তাদের কঠোরভাবে আঘাত করব। এর জবাব দেয়া হবে।

জর্ডানে তেহরানের হামলার প্রসঙ্গে ট্রাম্প জানান, রাতের হামলায় ইরানের একটি ক্ষেপণাস্ত্র মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করতে সক্ষম হয়েছিল। তবে সেটি কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে যাচ্ছিল না বলেই মার্কিন বাহিনী সেটিকে ঠেকায়নি।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, অন্য ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করা হয়েছে। এদিন ইরানের সঙ্গে সম্ভাব্য আলোচনার বিষয়ে সামান্য আশার কথাও জানিয়েছেন ট্রাম্প।
তিনি বলেন, তারা খুব করেই বৈঠক করতে চায়। কিন্তু আমি জানি না, তাদের সঙ্গে কোনো চুক্তির ব্যাপারে ভরসা করা যায় কি না।
ট্রাম্প আরও বলেন, ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞাগুলো খুব শক্তভাবে কার্যকর হচ্ছে।

এদিকে একই সময়ে আঞ্চলিক গোয়েন্দা সূত্রগুলো সতর্ক করেছে, অর্থনৈতিক চাপ আরও বাড়লে ইরানে নতুন করে বিক্ষোভ ও অস্থিরতা সৃষ্টি হতে পারে।
ইরানের মুদ্রা রিয়ালের দরও ঐতিহাসিকভাবে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। বর্তমানে এক মার্কিন ডলারের বিপরীতে প্রায় ২১ লাখ ইরানি রিয়াল লেনদেন হচ্ছে।
ফক্স নিউজকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, রোববার ইরান জর্ডানে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে অন্তত আটটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলেও এতে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এর আগে যুক্তরাষ্ট্র ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালায়। লারাক দ্বীপে ওই হামলা চালানো হয় বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন।
মার্কিন বাহিনী জানায়, হরমুজ প্রণালিতে নতুন করে সমুদ্র মাইন স্থাপনের জন্য আইআরজিসি রকেট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছিল- এমন তথ্য শনাক্ত হওয়ার পর হামলা চালানো হয়।