মক্কা চুক্তিতে যোগ দিতে আগ্রহী আরও ৬-৭ মুসলিম দেশ: পাকিস্তান

মক্কা চুক্তিতে যোগ দিতে আগ্রহী আরও ৬-৭ মুসলিম দেশ: পাকিস্তান

ফন্ট সাইজ:

আরও ৬ থেকে ৭টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে আগ্রহী বলে জানিয়েছে পাকিস্তান। সোমবার তুরস্কের ইস্তাম্বুলে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের শীর্ষ কূটনীতিকদের বৈঠক শুরুর আগে এ তথ্য জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। খবর ব্লুমবার্গের।

প্রতিবেদনে বলা হয়েছে, পাক পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সপ্তাহান্তে বৃটেনে বলেছেন যে কর্মকর্তারা এখন এমন একটি কাঠামো নিয়ে কাজ করছেন যা অতিরিক্ত দেশগুলোর জন্য এই চুক্তিতে যোগদান করা সহজ করে তুলবে। তবে আগ্রহী দেশগুলোর নাম তিনি প্রকাশ করেননি।

গত ৭ আগস্ট মক্কায় পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে মক্কা প্রতিরক্ষা চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর ৫ নং অনুচ্ছেদের সম্মিলিত প্রতিরক্ষা ধারার অনুরূপভাবে, এই তিনটি দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে সকলের ওপর হামলা হিসেবে গণ্য করা হবে।
প্রতিবেদন অনুযায়ী, এই চুক্তিতে যোগদানের আগ্রহ প্রকাশকারী সর্বশেষ দেশ হলো বাংলাদেশ। এর আগে চলতি মাসের শুরুতে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, এই চুক্তিটি মিশরের মতো অন্যান্য আঞ্চলিক রাষ্ট্রগুলোকেও অন্তর্ভুক্ত করে সম্প্রসারিত হতে পারে।

ব্লুমবার্গ জানিয়েছে, চুক্তির আওতায় গঠিত কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির প্রথম বৈঠকে অংশ নিতে ইস্তাম্বুলে রয়েছেন ইসহাক দার। সৌদি আরব ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরাও এতে অংশ নিচ্ছেন। বৈঠকে তিন দেশের প্রতিরক্ষামন্ত্রী ও সামরিক বাহিনীর প্রধানদেরও অংশ নেয়ার কথা রয়েছে।

এনিয়ে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মক্কা চুক্তির প্রথম বৈঠকে আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি, তিন দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানো এবং প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা জোরদারের বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এ ছাড়া চুক্তির আওতায় কার্যক্রম সমন্বয়ের জন্য একটি সচিবালয়ের কাঠামোও নির্ধারণ করা হতে পারে।