ক্রিকেট মাঠে স্লো ওভার-রেটের শাস্তিকে আরও কঠোর ও সহজবোধ্য করতে নতুন নিয়ম চালু করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আসন্ন পুরুষ ও নারীদের উভয় বিগ ব্যাশ লীগে ওভারের সময়সীমা পার হলেই বাড়তি সুবিধা পাবে ব্যাটিং দল, পাবে পূর্ণাঙ্গ পাওয়ারপ্লে’র ফিল্ডিং রেস্ট্রিকশন।
নতুন নিয়ম অনুযায়ী, ইনিংসের নির্দিষ্ট সময়ের মধ্যে ২০ ওভার শেষ করতে না পারলে তাৎক্ষণিকভাবে মাঠে বল করা দলটির ওপর নেমে আসবে খড়গ। পুরুষদের বিগ ব্যাশে দলগুলো ওভার শেষ করতে সময় পাবে ৮৪ মিনিট এবং নারীদের বিগ ব্যাশে এই সময়সীমা ৭৮ মিনিট ৪৫ সেকেন্ড। নির্ধারিত এই সময়ের মধ্যে ইনিংসের শেষ ওভার বা নির্দিষ্ট বল শেষ না হলে, ঠিক পর থেকেই ইনিংসের বাকি সময় জুড়ে কার্যকর হবে পূর্ণ পাওয়ারপ্লে শর্ত।
অর্থাৎ, ইনিংসের শুরুর চার ওভারের পাওয়ারপ্লে এবং দুই ওভারের পাওয়ার সার্জের বাইরেও ব্যাটিং দল অতিরিক্ত পাওয়ারপ্লে বা ফিল্ডিং রেস্ট্রিকশনের সুযোগ পাবে। এর ফলে বৃত্তের বাইরে মাত্র দুজন ফিল্ডার রাখার বাধ্যবাধকতায় বিপাকে পড়বেন বোলাররা। গত মৌসুমে ব্রিসবেন হিট বনাম পার্থ স্কোর্চার্স ম্যাচে এমন দৃশ্য দেখা যায়। সেবার গ্যাবায় ২৫৮ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করার সময় সময়মতো ওভার শেষ করতে না পারায় স্কোর্চার্সকে শেষ চার বল করতে হয় কেবল দু’জন বাইরের ফিল্ডার রেখে।
পূর্বে ওভার-রেটের জন্য দুটি ভিন্ন টাইমার ও ডাবল পেনাল্টি থাকলেও দর্শকদের জন্য তা কিছুটা বিভ্রান্তিকর ছিল। সেই জটিলতা দূর করতেই এবার নিয়মগুলো আরও সরল করা হয়েছে।
সিএ’র অপারেশনস ও শিডিউলিং বস পিটার রোচ নতুন এই পরিবর্তন নিয়ে বলেন, ‘আমরা ইন-গেম পেনাল্টি নিয়ে খুবই খুশি, যা খেলোয়াড়, কোচ এবং ভক্তদের কাছে দারুণভাবে সমাদৃত হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমরা ভেবেছি প্রথম পেনাল্টিটি আগের মতো ততটা শক্তিশালী ছিল না, যখন এটি একমাত্র শাস্তি ছিল। দলগুলো হয়তো শেষ ওভারের জন্য একজন ফিল্ডার কম নিয়ে বোলিং করার মানসিক প্রস্তুতি নিয়ে রাখত। তাই আমরা বিষয়টি সহজ করে শেষে বড় পেনাল্টিটি বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছি। দলগুলোর পক্ষ থেকেও ইতিবাচক ফিডব্যাক এসেছে যে এটি একটি বড় শাস্তি এবং তারা এই শাস্তি এড়াতেই দ্রুত ওভার শেষ করতে চাইবে।’
সিএ’র বিগ ব্যাশ লীগের জেনারেল ম্যানেজার অ্যালিস্টার ডবসন বলেন, ‘আমরা এমন একটি লীগ যারা কখনো থেমে থাকে না। ভক্ত, সম্প্রচারকারী ও খেলোয়াড়দের জন্য যদি ভালো কোনো পণ্য উপহার দেয়া যায়, তবে প্রচলিত ধারা ভেঙে নতুন কিছু করতে আমরা সবসময় প্রস্তুত।’
উল্লেখ্য, গত মৌসুম থেকেই ওভার শেষ না করার জন্য ম্যাচ শেষে কোনো আর্থিক জরিমানা বা পয়েন্ট কাটার প্রথা বাদ দেয়া হয়েছে, যা এবারের মৌসুমেও বলবৎ থাকবে। এছাড়া অক্টোবরে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি স্প্রিং চ্যালেঞ্জেও কার্যকর হবে এই নতুন নিয়ম।
