সিডনিতে ডাস্টবিনে নবজাতকের মরদেহ, মাকে খুঁজে বের করতে তল্লাশি

সিডনিতে ডাস্টবিনে নবজাতকের মরদেহ, মাকে খুঁজে বের করতে তল্লাশি

ফন্ট সাইজ:

সিডনির পশ্চিমাঞ্চলীয় অবার্নে একটি ইউনিট ব্লকের ডাস্টবিন থেকে এক ছেলে নবজাতকের লাশ উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু করেছে নিউ সাউথ ওয়েলস পুলিশ। শিশুটির মাকে খুঁজে বের করতে তল্লাশি চালানোর পাশাপাশি তাকে দ্রুত হাসপাতালে বা নিকটস্থ চিকিৎসাকেন্দ্রে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা নেয়ার আহ্বান জানিয়েছে পুলিশ।

সোমবার সকাল ১১টা ২০ মিনিটের দিকে অবার্নের হ্যারো রোডে ওই ইউনিট ব্লকের ডাস্টবিনে শিশুটির মরদেহ দেখতে পান এক নারী। তিনি বিষয়টি পুলিশকে জানালে জরুরি পরিষেবার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

পুলিশ জানিয়েছে, শিশুটির মরদেহ একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর পাওয়া যায়। শিশুটি জীবিত অবস্থায় জন্মেছিল কি না, তা নিশ্চিত হতে তদন্ত চলছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি প্রায় ৩৬ ঘণ্টা পর্যন্ত ডাস্টবিনে থাকতে পারে। ঘটনাস্থলটি অপরাধস্থল হিসেবে চিহ্নিত করে ফরেনসিক ও অন্যান্য তদন্ত শুরু করেছে পুলিশ। তবে তদন্তের পাশাপাশি শিশুটির মায়ের শারীরিক ও মানসিক সুস্থতাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

নিউ সাউথ ওয়েলস পুলিশের ডিটেকটিভ অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট ড্যারেন স্লাই বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক।’ শিশুটির মায়ের শারীরিক অবস্থার বিষয়ে পুলিশের গভীর উদ্বেগ রয়েছে এবং তাকে অবিলম্বে চিকিৎসা সহায়তা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

তিনি বলেন, ‘এ মুহূর্তে পুলিশের প্রধান অগ্রাধিকার হলো ওই মায়ের সুস্থতা নিশ্চিত করা এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তার আওতায় আনা।’

ঘটনাটি সম্পর্কে কোনো তথ্য থাকলে অথবা গত ৩৬ ঘণ্টায় হ্যারো রোড এলাকায় কেউ অবস্থান করে থাকলে এবং প্রাসঙ্গিক ড্যাশক্যাম বা মোবাইল ফোনের ভিডিও ফুটেজ থাকলে অবার্ন পুলিশ স্টেশন বা ক্রাইম স্টপার্সের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করেছে পুলিশ।