ইরানের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে অবস্থিত লারাক দ্বীপে দুটি ইরানি উৎক্ষেপণ ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, রোববারের এ হামলায় ইরানের ভূখণ্ডে জুলাইয়ের পর প্রথমবারের মতো হামলা চালাল মার্কিন বাহিনী। এক মার্কিন কর্মকর্তা বলেন, লারাক দ্বীপে দুটি ইরানি লঞ্চার লক্ষ্য করে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড করপসের (আইআরজিসি) সদস্যরা হরমুজ প্রণালিতে সাগরে মাইন স্থাপনে সক্ষম রকেট নিক্ষেপের প্রস্তুতি নিচ্ছিলেন বলে দাবি করেন তিনি।
মার্কিন ওই কর্মকর্তা বলেন, আমি নিশ্চিত করে বলতে পারি, দিনের শুরুতে মার্কিন বাহিনী লারাক দ্বীপে দুটি ইরানি লঞ্চারে হামলা চালিয়েছে। আইআরজিসি বাহিনীকে হরমুজ প্রণালিতে মাইন বহনকারী রকেট নিক্ষেপের প্রস্তুতি নিতে দেখা গেছে।
হরমুজ দ্বীপের দক্ষিণে এবং কেশম দ্বীপের পূর্বে লারাক দ্বীপ অবস্থিত। ইরানের রাজধানী তেহরান থেকে দ্বীপটির দূরত্ব প্রায় ১ হাজার ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। মার্কিন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, ইরানি বাহিনী লঞ্চারগুলো দিয়ে সাগরে মাইন বহনকারী রকেট নিক্ষেপের প্রস্তুতি নিচ্ছে- এমন তথ্য শনাক্ত করার পর হামলা চালানো হয়। হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইরানের আইআরজিসিও। ইরানি বাহিনীর দাবি, হামলায় কয়েকজন সামরিক সদস্য ও বেসামরিক ব্যক্তি নিহত বা আহত হয়েছেন।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরজিসিকে উদ্ধৃত করে জানিয়েছে, লারাক দ্বীপে মার্কিন হামলার ‘জবাব ও শাস্তি’ দেয়া হবে। এর আগে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান হরমুজ প্রণালিতে নতুন করে মাইন পাততে চাইলে ওয়াশিংটন ব্যবস্থা নেবে।
যুক্তরাষ্ট্রের এই হামলা এমন সময়ে হলো, যখন এর কয়েক ঘণ্টা আগে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত দেশগুলোকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন উপলক্ষে দেয়া এক লিখিত বার্তায় তিনি বলেন, মুসলিম দেশগুলোর সমস্যার সমাধান নিহিত রয়েছে ঐক্য, বন্ধুত্ব এবং কল্যাণের পথে সহযোগিতার মধ্যে।
তিনি বলেন, মুসলিমদের মধ্যে বিভাজন ও সংঘাত সৃষ্টি করে এমন যে কোনো কর্মকাণ্ড, তা জেনে বা না জেনে, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে করা হলেও, ইসলামের শত্রুদের উদ্দেশ্য পূরণে সহায়তা করে। খামেনি আরও বলেন, তোমাদের প্রকৃত শত্রুকে চিনে নাও, তার পরিকল্পনা বোঝো এবং তার মোকাবিলা করো।
