মুম্বই বিমানবন্দরে ১১ কোটি রুপির সোনা পাচার, তিন বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বই বিমানবন্দরে ১১ কোটি রুপির সোনা পাচার, তিন বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

ফন্ট সাইজ:

মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৭ কেজি সোনা পাচারের অভিযোগে তিন বাংলাদেশিসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর (ডিআরআই)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ভিয়েতনাম এয়ারলাইন্সের এক কর্মীও রয়েছেন। ডিআরআই জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মুনাফ মাশরাফ জমাদার (২৩) নামে ভিয়েতনাম এয়ারলাইন্সের এক কর্মীর ওপর নজরদারি করা হচ্ছিল। অভিযোগ ছিল, তিনি বিমানবন্দরের বাইরে একজন ব্যক্তির কাছে পাচার করা সোনা পৌঁছে দিতেন। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া।

এতে আরও বলা হয়, তল্লাশি চালিয়ে তার কাছ থেকে মোমের ভিতর থেকে সোনার গুঁড়ার সাতটি ডিম আকৃতির ক্যাপসুল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে মুনাফ জানান, বিমানবন্দরের বাইরে এক ব্যক্তির কাছে এসব সোনা পৌঁছে দেয়ার কথা ছিল। এর বিনিময়ে তার আর্থিক সুবিধা পাওয়ার কথা ছিল। পরে মুনাফের দেয়া তথ্যের ভিত্তিতে তাকে সোনা সরবরাহ করা পাঁচ যাত্রীকে শনাক্ত করা হয়। তাদের মধ্যে মোহাম্মদ আবু নাসর, মোহাম্মদ আলম ও মোহাম্মদ নাজিমুদ্দিন নামে ৩ বাংলাদেশি নাগরিক আছেন বলে জানিয়েছে ডিআরআই। এছাড়া মোহাম্মদ মহিউদ্দিন ও মোহাম্মদ হোসেন নামে আরও দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সব মিলিয়ে অভিযানে ১৬টি বলের মতো আকৃতির প্যাকেটে প্রায় ৭ কেজি সোনা উদ্ধার করা হয়। এর মূল্য প্রায় ১১ কোটি রুপি। গ্রেপ্তার ব্যক্তিদের আইনজীবী বীরেন্দ্র সিং ও আফতাব কুরেশি। তারা আদালতে দাবি করেন, তাদের মক্কেলরা নির্দোষ এবং দারিদ্র্যের কারণে তারা এ ঘটনায় জড়িয়ে পড়েছেন। পরে আদালত ছয় আসামিকে বিচারিক হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।