সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের

ফন্ট সাইজ:

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর মিয়া (২১) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। তিনি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের পালইকান্দা গ্রামের কুয়েতপ্রবাসী শাহজাহান মিয়ার ছেলে। রোববার দুপুরে নিহতের ফুপা জায়েদুর রহমান সুমন সৌদিতে সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, শনিবার সৌদি আরব সময় রাত ১২টার দিকে জেদ্দা শহরে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। নিহতের ফুপা বলেন, জাহাঙ্গীর এক বছর আগে উন্নত জীবনের আশায় সৌদি আরব যান। সে জেদ্দা শহরে একটি কোম্পানির চাকরি করতো।

শনিবার রাতে অফিস থেকে ফিরে আবার প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে স্থানীয় একটি দোকানে যায় জাহাঙ্গীর। এ সময় এক যুবক সড়কে কার রেসিং করার সময় তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সৌদি আরবের পুলিশ মরদেহটি উদ্ধার করে একটি হাসপাতালের হিমঘরে রাখে। তিনি বলেন, সে ১১ মাস বয়সী এক ছেলে সন্তানের জনক ও তার স্ত্রী রয়েছে। জাহাঙ্গীরের তিন বোন ও এক ভাই রয়েছে। বাবা কুয়েতপ্রবাসী। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।