সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদকে দুদকে তলব

ফন্ট সাইজ:

দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো চিঠিতে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে আগামী ১৪ই সেপ্টেম্বর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপিসহ দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
দুদকের পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. আবুল হাসনাত স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বক্তব্য শ্রবণ ও গ্রহণ করা একান্ত প্রয়োজন।

নোটিশে আরও বলা হয়েছে, অনুসন্ধান কার্যক্রম পরিচালনা ও প্রতিবেদন দাখিলের জন্য দুদকের পরিচালক মো. আবুল হাসনাতকে দলনেতা এবং উপ-পরিচালক মোজাম্মেল হোসেনকে সদস্য করে দুই সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে। নির্ধারিত সময়ে দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট বিষয়ে নিজের বক্তব্য দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে নোটিশে।
নোটিশের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১৪ই ডিসেম্বর শফিউদ্দিনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের অনুসন্ধান শুরু করে দুদক। অভিযোগটি এখনো অনুসন্ধান পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি জানান, অনুসন্ধান শেষে সংশ্লিষ্ট অনুসন্ধান দল কমিশনে প্রতিবেদন দাখিল করবে। অভিযোগের পক্ষে তথ্য-প্রমাণ পাওয়া গেলে মামলা করার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে কমিশন। আর অভিযোগের সত্যতা না মিললে অনুসন্ধানটি নিষ্পত্তি করা হতে পারে।

শফিউদ্দিন ২০২১ সালের ২৪শে জুন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেন। তিনি জেনারেল আজিজ আহমেদের কাছ থেকে দায়িত্ব নিয়েছিলেন। তিন বছর দায়িত্ব পালনের পর ২০২৪ সালের ২৩শে জুন অবসরে যান। সেনাপ্রধান থাকা অবস্থায় তিনি বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সভাপতির দায়িত্বও পালন করেন।
চারদিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী: এদিকে, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় সাবেক লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে চারদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে দুদক। সোমবার থেকে তার রিমান্ড শুরু হওয়ার কথা রয়েছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সাবেক এই সেনা কর্মকর্তাকে চার দিনের রিমান্ডে নেয়ার অনুমতি দেন। দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম বলেন, আদালতের অনুমতি অনুযায়ী চারদিনের রিমান্ডে নিয়ে মাসুদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করা হবে।