প্রায় সাড়ে পাঁচ মাস সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। রোববার বিএনপি’র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়ে বলেন, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস এখন অনেকটাই সুস্থ। আগামী বুধবার রাত ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার ঢাকায় ফেরার কথা রয়েছে। তিনি বলেন, দীর্ঘ চিকিৎসার পর মেডিকেল বোর্ডের পরামর্শে মির্জা আব্বাস দেশে ফিরছেন। তিনি মালয়েশিয়া থেকে দেশে ফিরবেন।
গত ১১ই মার্চ হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হওয়ায় সেদিন গভীর রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
এই হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ই মার্চ মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেয়া হয়। পরবর্তী সময়ে বিশেষায়িত চিকিৎসা ও পুনর্বাসনের জন্য তাকে মালয়েশিয়ায় নেয়া হয়।
